মুকসুদপুর ও ধুনটে দুই গৃহবধূ হত্যার অভিযোগ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর গ্রামে রুনা নামে এক গৃহবধূকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ রুনার স্বামী শফিকুল চোকদারকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, ননীক্ষীর গ্রামের শফিকুল চোকদারের সঙ্গে মাদারীপুরের রাজৈর উপজেলার গোপালগঞ্জ গ্রামের একলাস ব্যাপারীর মেয়ে রুনার সাত বছর আগে বিয়ে হয়। রুনার বোন রুমা অভিযোগ করেন, শফিকুলের পরিবারের লোকজন প্রায়ই রুনার ওপর নির্যাতন করত। গত রোববার সকালে রুনার শাশুড়ি মমতাজ বেগম ও ননদ নাসরিন আক্তার তাঁর ওপর নির্যাতন চালান। এতে রুনা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁর মুখে বিষ ঢেলে দিয়ে তাঁকে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, রুনার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।এ ঘটনায় রুনার বাবা একলাস ব্যাপারী রুনার স্বামী শফিকুল চোকদার, তাঁর মা ও বোনসহ পাঁচজনের বিরুদ্ধে মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ গত রোববার রাতেই শফিকুলকে গ্রেপ্তার করেছে। বগুড়ার ধুনটে কহিনূর খাতুন নামে এক গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।নিহত গৃহবধূর ভাই বাবলু মিয়া জানান, প্রায় ২০ বছর আগে তাঁর বোন কহিনূর খাতুনের সঙ্গে দিঘলকান্দি গ্রামের রমজান আলীর ছেলে বেলাল হোসেনের বিয়ে হয়। বেলাল গত ১৫ দিন আগে কুনকুনিয়া গ্রামের অন্য একটি মেয়েকে বিয়ে করেন। এই বিয়ে তাঁর বোন মেনে নিতে পারেননি। ঘটনার দিন রাতে বেলালের সঙ্গে কহিনূরের ঝগড়া হয়। বেলাল কহিনূরের ওপর নির্যাতন চালিয়ে তাঁর মুখে বিষ ঢেলে দেন। পরে স্থানীয় লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় কহিনূরকে উদ্ধার করে গত সোমবার ভোরে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই তিনি সকাল নয়টায় মারা যান।ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শফিউল আজম জানান, নিহত গৃহবধূর শরীরে বিষ পাওয়া গেছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি।