মুকসুদপুরে এক পক্ষের লোকজন পালিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসের ভাড়া কম দেওয়া নিয়ে হামলা ও মামলার ঘটনায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নর্দী গ্রামের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এ ঘটনার পর হামলা ও গ্রেপ্তারের ভয়ে গ্রামের ব্যাপারি বংশের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এদিকে হামলার শিকার খান বংশের লোকজন গত শুক্রবার গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করেছে। ১৯ অক্টোবর আদালতের নির্দেশে থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে বিল্লাল ব্যাপারি নামের একজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪ অক্টোবর ফরিদপুর-টেকেরহাট পথে চলাচলকারী একটি বাসে ভাড়া কম দেওয়া নিয়ে যাত্রী বিল্লাল ব্যাপারি, মিরাজ ব্যাপারি, খোকন চৌধুরী ও হযরত ব্যাপারির সঙ্গে বাসের সুপারভাইজারের বচসা হয়। টেকেরহাট স্ট্যান্ডে বাস এলে বাস কোম্পানির প্রতিনিধি চরপ্রসন্নর্দী গ্রামের হায়দার আলী খান বাসশ্রমিকদের পক্ষ নেন। এতে ক্ষিপ্ত হয়ে পরদিন ব্যাপারি বংশের লোকজন হায়দার আলী খানের বাড়িতে হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে যখম করে। এ সময় আবদুল গণি খান ও কবির খান এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে আহত করে। এ ব্যাপারে ১৫ অক্টোবর মুকসুদপুর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়। কিন্তু থানা মামলা গ্রহণ না করায় হায়দার আলী খানের ভাই মুকসুদপুর আমলি আদালতে মামলার জন্য আবেদন করেন। বিচারিক ম্যাজিস্ট্রেট ১৯ অক্টোবর শুনানি শেষে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা রেকর্ড করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে থানা মামলা নেয়। এদিকে, মামলার বাদী হাবিবুর রহমান গোপালগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগকথা পত্রিকার কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করায় আমার ও পরিবারের বিরুদ্ধে আসামিরা মিথ্যা মামলা করার পাঁয়তারা করছেন। তাঁরা আমাকে দেখে নেওয়ারও হুমকি দিয়েছেন।’