গোপালগঞ্জের মুকসুদপুরে কাভার্ড ভ্যানচাপায় গাড়ি মেরামতকারী দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর কলেজ মেড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মুকসুদপুর উপজেলার লোহাচুড়া গ্রামের শাহজাহান মোল্লার ছেলে নূর আলম মোল্লা (৩২) ও কমলাপুর গ্রামের আকতার মোল্লার ছেলে সবুজ মোল্লা (২২)। গুরুতর আহত রহিম শেখকে (৩০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাকের মেরামতকাজ শেষ করে তিন শ্রমিক ট্রাকের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সোনারগাঁ কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের একটি কাভার্ড ভ্যান একটি নছিমনকে পাশ কাটাতে গিয়ে তিন শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই শ্রমিকের মৃত্যু হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গতিরোধক নির্মাণের দাবিতে প্রায় দুই ঘণ্টা ওই এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে অসংখ্য গাড়ি আটকা পড়ে। জেলা প্রশাসক ঘটনাস্থলে এসে গতিরোধক নির্মাণের প্রতিশ্রুতি দিলে বিক্ষুব্ধ লোকজন অবরোধ তুলে নেন।
মুকসুদপুর থানার ওসি সালাহউদ্দিন মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তিদের লাশ গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।