মুকসুদপুরে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার হরিণাহাটি গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন দুটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে সংঘটিত এ ঘটনায় মিনি বেগম (৪০) ও মো. মহসিন মিয়া (৫৫) নামের দুজন আহত হয়েছেন। মহসিন মিয়াকে গুরুতর অবস্থায় মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত মিনি বেগম অভিযোগ করেন, দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে মারধর ও শরীরের বিভিন্ন স্থানে কামড়ে জখম করেছে। নূর ইসলাম, রাসেল, কবীর, আলিম, বিটুল মিয়াসহ কয়েকজন চুল ধরে টেনেহিঁচড়ে মাটিতে ফেলে মারধর করে সোনার চেন, হাতের ব্রেসলেট ও কানের দুল ছিনিয়ে নেয়।আহত মহসিন মিয়ার মেয়ে মনিরা বেগম বলেন, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের সঙ্গে তাঁদের বেশ কয়েকটি মামলা রয়েছে। গতকাল দুপুরে তারা রামদা ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে। নূর ইসলাম মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে নিজেরা ভাঙচুর করে মামলা সাজানোর জন্য এসব করছে।’মুকসুদপুর থানার ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে।