মুকসুদপুরে মুক্তিযোদ্ধাকে খুনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুরে ইসহাক ফকির (৬২) নামের এক মুক্তিযোদ্ধাকে খুনের অভিযোগ পাওয়া গেছে। পরিবারের সদস্যদের অভিযোগ, গত শুক্রবার বেলা সোয়া একটার দিকে মোচনা ইউনিয়ন পরিষদের সামনে প্রতিপক্ষের লোকজন গলায় ফাঁস দিয়ে ইসহাক ফকিরকে হত্যা করে। ইসহাক ফকির সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।মুকসুদপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, ইসহাক ফকির মোচনা ইউপির সামনে পুকুর থেকে বালু তোলার জন্য একটি ড্রেজার স্থাপন করছিলেন। এ সময় তাঁর মেজো ভাইয়ের দুই শ্যালক সামসু মোল্লা ও লুৎফর মোল্লা তাঁকে ড্রেজারটি তুলে নিতে বলেন। তাঁরা বলেন, ড্রেজার দিয়ে পুকুর থেকে বালু তুললে পাশেই তাঁদের পাটের খেত ভেঙে পুকুরে বিলীন হয়ে যেতে পারে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সামসু ও লুৎফরের সঙ্গে ইসহাকের ধস্তাধস্তি হয়। এ সময় গলায় থাকা গামছায় ফাঁস দিয়ে ইসহাক ফকিরকে হত্যা করা হয়। ইসহাকের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন।