মুকসুদপুরে শামুক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুরের চান্দাবিল থেকে শামুক কিনে ব্যবসা করার দায়ে লিটন সিকদার (৪২) নামের এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় ছয় শামুক সংগ্রহকারীকে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. খায়রুজ্জামান এ সাজা দেন। খায়রুজ্জামান জানান, জলাশয়ের শামুক শিকার করা অবৈধ। লিটন চান্দাবিলের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা শামুক কিনে ব্যবসা করে আসছিলেন। কাশালিয়া ইউনিয়নের খালকুলা গ্রাম থেকে শামুক কেনার সময় তাঁকে হাতেনাতে ধরা হয়। স্থানীয় শামুক সংগ্রহকারী ও লোকজনের স্বীকারোক্তি অনুযায়ী লিটন সিকদারকে ১০ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তিনি একই উপজেলার বামনগাতী গ্রামের টুটুল সিকদারের ছেলে। এ সময় শামুক সংগ্রহকারী দুলাল (৩৮), সাইফ সিকদার (৪৫), রুহুল আমিন (৪০), আমিনুল সিকদার (৩০), অশোক রায় (৩৬) ও পবিত্র বিশ্বাসকে (৪৫) ২০০ টাকা করে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তাঁদের সবার বাড়ি খালকুলা গ্রামে। বর্ষাকালে গোপালগঞ্জের চান্দাবিলসহ বিভিন্ন জলাশয় থেকে শামুক ধরে কয়েক হাজার মানুষ জীবিকা নির্বাহ করে আসছে। এসব শামুক বিভিন্ন চিংড়িঘেরে খাবার হিসেবে ব্যবহূত হয়।