মুকসুদপুরে সংঘর্ষে ওসিসহ আহত শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গতকাল মঙ্গলবার ধনেপাতা বেচাকেনা নিয়ে দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ছয় ঘণ্টাব্যাপী সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) শতাধিক আহত হয়েছে। এ সময় কমপক্ষে ২০টি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০টি গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করেছে।সংঘর্ষে ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) বশার, আশরাফুল, ইমারতসহ কমপক্ষে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ, আর্মড পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে বেলা তিনটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের মধ্যে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চারজনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম বাজারে ধনেপাতা বেচাকেনা নিয়ে মোচনা ইউনিয়নের আইকদিয়া গ্রামের শাহ আলমের সঙ্গে ফরিদপুরের ভাঙ্গার এক পাইকারি ব্যবসায়ীর সঙ্গে বাগিবতণ্ডা হয়। বিষয়টি তিনি মহারাজপুরের ইউপির সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান মাতব্বরকে জানান। মুজিবুর রহমান ধনেপাতাবিক্রেতা শাহ আলমের কাছে বিষয়টি জিজ্ঞাসা করেন। এ সময় তিনি মুজিবুর রহমানকে লাঞ্ছিত করেন। পরে মহারাজপুর ইউপির চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া ও মোচনা ইউপির চেয়ারম্যান দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুটি ইউনিয়নের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চাইনিজ রাইফেলের পাঁচটি গুলি, শটগানের ১৫টি গুলি ও ১০টি কাঁদুনে গ্যাসের শেল নিক্ষেপ করে। এখন পরিস্থিতি শান্ত। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।তবে ওসি মনিরুল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৬টি গুলি ও ১৫টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।