মুকাদ্দাস-ওয়ালিউল্লাহ গুপ্তহত্যার শিকার হয়ে থাকতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই ছাত্র গুপ্তহত্যার শিকার হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁদের অভিভাবকেরা।গতকাল শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নিখোঁজ আল মুকাদ্দেসের পিতা আবদুল হালিম ও ওয়ালিউল্লাহর ভাই মো. খালিদ সাইফুল্লাহ এই আশঙ্কা প্রকাশ করেন।দুই ছাত্রের অভিভাবকেরা অভিযোগ করেন, র‌্যাবের পোশাক পরা সাত-আটজন লোক সাভারের নবীনগর এলাকা থেকে আল মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহকে ধরে নিয়ে যায়। এরপর থেকে গত তিন মাস তাঁদের কোনো খোঁজ নেই।মুকাদ্দাসের পিতা আবদুল হালিম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ৪ ফেব্রুয়ারি রাত ১১টায় রাজধানীর কল্যাণপুর থেকে হানিফ এন্টারপ্রাইজের একটি গাড়িতে মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহ কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন। ওই গাড়ির চালক ও তত্ত্বাবধায়কের মাধ্যমে জানতে পারেন, গাড়িটি নবীনগর এলাকায় পৌঁছালে র‌্যাব-৪ ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে বাসটি থামানো হয়। এরপর তাঁদের একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে জানতে চাইলে র‌্যাবের আইন ও জনসংযোগ শাখার প্রধান কমান্ডার এম সোহায়েল এবং ডিবির অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বলেন, র‌্যাব এ নামের কাউকে আটক করেনি।