মুকুট উঠল নাদিয়ার মাথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম রানারআপ নাজিফা (বাঁয়ে) ও দ্বিতীয় রানারআপ নীলার সঙ্গে মুকুট মাথায় হাস্যোজ্জ্বল লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪ নাদিয়া l ছবি: কবির হোসেন
প্রথম রানারআপ নাজিফা (বাঁয়ে) ও দ্বিতীয় রানারআপ নীলার সঙ্গে মুকুট মাথায় হাস্যোজ্জ্বল লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪ নাদিয়া l ছবি: কবির হোসেন

অন্ধকার মঞ্চের মাঝখানে ওঁরা পাঁচজন। তখনো অপেক্ষা করে থাকা দর্শকদের ফিসফিস কানে আসছে। হঠাৎ স্পটলাইট আর মুহূর্তে নিশ্চুপ দর্শক। মঞ্চে মায়াবী আলো ছড়িয়ে পড়তেই অন্ধকার চিরে এক লহমায় ঝলসে উঠলেন তিনজন। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪’-এর চূড়ান্ত পর্বে রূপের সঙ্গে গুণের মেলবন্ধন ঘটিয়ে এ বছরের লাক্স-চ্যানেল আই সুপারস্টার হলেন নাদিয়া আফরিন। সৌন্দর্য আর মেধা দিয়ে বিচারকদের রায় ও দর্শকদের অনলাইন ভোটের মাধ্যমে এই রূপসী জয় করে নিলেন ‘ফেস অব লাক্স’ খেতাব। 
সুপারস্টার নাদিয়াকে সম্মানী হিসেবে ১০ লাখ টাকার চেকের সঙ্গে দেওয়া হয় একটি নতুন গাড়ি। ২০১৪ সালের লাক্স সুপারস্টারের মাথায় মুকুট পরিয়ে দেন ২০১৩ সালের লাক্স চ্যাম্পিয়ন সামিয়া। পুরস্কার তুলে দেন আয়োজক ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আখতার। নতুন গাড়ির প্রতীকী চাবি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন ও ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড ডিরেক্টর কে এস এম মিনহাজ।
শেষবার তিনজন টিকে থাকলেও অনুষ্ঠানের বিভিন্ন পর্বে পারফরম্যান্সেই ওঁরা বুঝিয়ে দিলেন এই মঞ্চে পা রাখতে গেলে শর্ত একটাই—আত্মবিশ্বাস। শনিবার, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠান যত এগিয়েছে, ততই দৃপ্ত হয়ে উঠেছেন প্রত্যেক প্রতিযোগী। একের পর এক তরুণীর চোখে স্বপ্ন ঝরে পড়ল। অনুষ্ঠানে নাচের মুদ্রা আর অভিনয়ে তাঁরা তাক লাগিয়ে দিলেন দর্শকদের।
যখন একেক প্রতিযোগী পা রাখতে শুরু করলেন মঞ্চে, তখন মুগ্ধতা দেখা গেল বিচারকের আসনে বসে থাকা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের, সংগীতশিল্পী শাকিলা জাফর, মডেল নোবেল, অভিনয়শিল্পী অপি করিম ও গায়ক তাহসানের চোখেও। মঞ্চে দৃপ্ত ভঙ্গিমায় প্রতিযোগীদের হেঁটে আসা বুঝিয়ে দিল, বিগত দিনের গ্রুমিং সেশনের পরে তাঁরা এখন ‘প্রফেশনাল’।
শুরুটা হয়েছিল কানিজ সুবর্ণার গান দিয়ে। মাঝখানে জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমসের গাওয়া গান হঠাৎ এক টুকরো হেমন্তের বাতাস বইয়ে দিল। তাঁর কিছু জনপ্রিয় গানের অংশবিশেষ পরিবেশনার সঙ্গে অনবদ্য নাচে অংশ নেন শানু, মেহজাবিন, মম, চৈতী ও ফারিয়া। আর ছোট ছোট কথায় গোটা অনুষ্ঠান মাতিয়ে রাখলেন সঞ্চালক মুনমুন।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ নির্বাচিত হন নাজিফা আনজুম। পুরস্কার হিসেবে এই সুন্দরী পেয়েছেন পাঁচ লাখ টাকা। দ্বিতীয় রানারআপ নীলাঞ্জনা নীলা পুরস্কার হিসেবে পান তিন লাখ টাকার চেক। ১০ হাজার সুন্দরীকে পেছনে ফেলে লাক্স সুপারস্টারের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যরা হলেন সুপ্রিয়া শবনম ও ফাহ্মিদা তাসনিম।
এ ছাড়া শীর্ষ ১০ সুন্দরীর মধ্য থেকে ‘সানসিল্ক মিস পারফেক্ট হেয়ার’ নির্বাচিত হন নোভায়রা। তাঁর হাতে পুরস্কার তুলে দেন কণা রেজা। ‘পন্ডস মিস বিউটিফুল স্কিন’ নির্বাচিত হন নাজনীন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস। ‘ক্লোজআপ বিউটিফুল স্মাইল’-এর খেতাবজয়ী নাদিয়ার হাতে পুরস্কার তুলে দেন ইউনিলিভারের মানবসম্পদ বিভাগের পরিচালক মনোনীতা সৈয়দ হক।
বক্তব্য দেন প্রতিযোগিতার সহযোগী চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি বলেন, ‘এ প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা সুন্দরীরা আপনাদের আগামী দিনে এ দেশের দর্শকদের বিনোদনের জন্য তাদের প্রতিভার সবটুকু উজাড় করে কাজ করবে।’
বিচারকের বক্তব্যে আলী যাকের বলেন, ‘বহু বছর ধরে লাক্সের সঙ্গে আমার বসবাস। এই ব্র্যান্ডটির নামে প্রচলিত এই সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মূলত দেশে নারীর ক্ষমতায়ন ঘটছে। এর মাধ্যমে আমরা ভবিষ্যতের আত্মবিশ্বাসী নারীর সন্ধান পাচ্ছি। তারা হয়ে উঠবে সমাজের আইকন। এই সমন্বয় হচ্ছে লাক্স-চ্যানেল আই সুপারস্টার।’