মুকুন্দপুরে মুক্তি ও মিত্র বাহিনীর আনন্দ পুনর্মিলনী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের ৪০ বছর পর আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুরে মুক্তি ও মিত্রবাহিনীর আনন্দ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। একাত্তরের এই দিনে মুকুন্দপুর শত্রুমুক্ত হয়।অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে এই অঞ্চলে মিত্রবাহিনীর নেতৃত্বে থাকা ভারতের ১৮ রাজপুত ব্যাটালিয়নের তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল অশোক ভার্মা ও ব্রিগেডিয়ার (অব.) অভিনচন্দ্র চুপরা সস্ত্রীক বাংলাদেশে এসেছেন। অশোক ভার্মা পরে মেজর জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন। গতকাল শুক্রবার মেজর জেনারেল সায়ীদ আহমেদের সঙ্গে মিত্রবাহিনীর এই দুই যোদ্ধা আখাউড়ায় আসেন। বিকেলে তাঁরা আখাউড়া মুক্তিযোদ্ধা সংসদে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেন। এ সময় অভিনচন্দ্র চুপরা যুদ্ধকালীন তাঁদের গাইড মমিনুল হককে চিনতে সমর্থ হন। তাঁরা দুজনে একে অপরকে জড়িয়ে ধরলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ১৯৭১ সালের নভেম্বরে মেজর জেনারেল (অব.) সায়ীদ আহমেদ ও মিত্রবাহিনীর ১৮ রাজপুত ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল অশোক ভার্মার নেতৃত্বে মুকুন্দপুরে যুদ্ধ চলে। নভেম্বরের শুরুর দিকে মুক্তি ও মিত্রবাহিনী মুকুন্দপুরে ঢোকে। ১৯ নভেম্বর মুকুন্দপুর শত্রুমুক্ত হয়। মুকুন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে আজ বেলা ১১টায় মুক্তি ও মিত্রবাহিনীর আনন্দ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মেজর (অব.) জেনারেল সায়ীদ আহমেদ প্রথম আলোকে বলেন, অভিন ছিলেন একজন সাহসী যোদ্ধা। সামনের সারিতে যুদ্ধ করতেন তিনি। ৫ ডিসেম্বর আখাউড়া যুদ্ধে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের সেদিনের যোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছে। মিত্রবাহিনীর অশোক ভার্মা বলেন, ‘৪০ বছর আগে যে এলাকায় যুদ্ধ করেছি, দীর্ঘদিন পর সেখানে আসতে পেরে অনেক ভালো লাগছে।’ তিনি বলেন, এখানকার যুদ্ধে সাহসী ভূমিকার কারণে তাঁর ব্যাটালিয়নের নাম হয় ‘আখাউড়া টাইগার’। অনুষ্ঠানের আরেক আয়োজক জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, স্থানীয় সাংসদ ওবায়দুল মোক্তাদির চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মুক্তি ও মিত্রবাহিনীর যোদ্ধা ছাড়াও এতে সারা দেশ থেকে আসা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগ দেবে।