মুকুন্দপুরে মুক্তি ও মিত্রবাহিনীর আবেগঘন পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের ৪০ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মুকুন্দপুরে মুক্তি ও মিত্রবাহিনীর আনন্দ পুনর্মিলনী গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। মুকুন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ১৯৭১ সালের ১৯ নভেম্বর এক সফল যুদ্ধের মাধ্যমে মুকুন্দপুর শত্রুমুক্ত হয়। সেদিন মুক্তি ও মিত্রবাহিনী ১৯ জন শত্রুসেনাকে হত্যা ও ৩২ জনকে আটক করে। যুদ্ধে নেতৃত্ব দেন মেজর জেনারেল (অব.) সায়ীদ আহমেদ ও মিত্রবাহিনীর ১৮ রাজপুত ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল অশোক ভার্মা। অনুষ্ঠানে পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা যোগ দেন। মুকুন্দপুরের মুক্তিযোদ্ধাদের মধ্যে ৩০ জনকে দেওয়া হয় বিশেষ সম্মাননা।যুদ্ধকালীন মুকুন্দপুরের নেতৃত্বে থাকা মেজর জেনারেল (অব.) সায়ীদ আহমেদ অনুষ্ঠানের একপর্যায়ে সাহেরা বেগম নামের এক নারীর সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন। সায়ীদ বলেন, সায়েরার বাবা আবদুল আজীজ চৌকিদার ছিলেন একজন রাজাকার। তাঁদের বাড়িতে সেই সময় রাজাকাররা কী করতেন, কোথায়-কবে শত্রুবাহিনী কোন পথে অগ্রসর হবে ইত্যাদি তথ্য সায়েরা বেগম মুক্তিযোদ্ধাদের জানাতেন। এ সময় অনুষ্ঠানে সমবেত ব্যক্তিরা করতালি দিয়ে সায়েরাকে অভিনন্দন জানান।সায়েরা বেগম বলেন, ‘৪০ বছর পর স্যারেরা আইছেন, আমারে চিনছেন, খোঁজ নিছেন—এতেই আমার সব দুঃখ শেষ।’ তিনি বলেন, ‘আমি ভাতা পাই না। দিন কাটে অনেক কষ্টে। সেদিন যা করেছি, তা দেশের লাইগ্গা করছি।’সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন স্থানীয় সাংসদ র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মেজর (অব.) জহিরুল হক বীর প্রতীক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক আবদুল মান্নান। বক্তারা যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান। ভারতের অশোক ভার্মা বলেন, ‘মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন মাতৃভূমির জন্য আর আমরা করেছি কর্ম। এই কর্মযুদ্ধ ছিল আমাদের হূদয়ের যুদ্ধ। একটি জাতিকে নির্মম নির্যাতনের হাত থেকে রক্ষার যুদ্ধ।’ তিনি বলেন, ‘মুকুন্দপুর, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া আর আশুগঞ্জে আমরা যুদ্ধ করেছি। হারিয়েছি অনেককে। এত কিছুর পরও আজ অনেক আনন্দ পাচ্ছি। ৪০ বছর আগে যে দেশটির জন্য যুদ্ধ করেছি, আজ সেই দেশে এসে মানুষের অনেক ভালোবাসা পাচ্ছি।’অনুষ্ঠানে মুকুন্দপুরে একটি স্মৃতিসৌধ ও একটি পাঠাগার নির্মাণ, মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো এবং মুক্তিযোদ্ধাদের জন্য বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থার দাবি জানানো হয়। অনুষ্ঠানে যোগ দিতে অশোক ভার্মা ও ব্রিগেডিয়ার (অব.) অভিন চন্দ্র চুপরা সস্ত্রীক বাংলাদেশে এসেছেন। অশোক ভার্মা পরে মেজর জেনারেল হিসেবে অবসর নেন।