মুকুল-গুটির আগেই কোটি টাকার বালাইনাশক বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমের মুকুলে হপার পোকার আক্রমণ ও লিচুর ফুল ঝরে পড়ার আশঙ্কায় ঠাকুরগাঁওয়ে আম-লিচুচাষিরা ব্যবসায়ীদের পরামর্শে মুকুল আসার আগেই বাগানে দুই থেকে তিনবার বালাইনাশক ছিটিয়েছেন। এভাবে দেদারসে বালাই ও ছত্রাকনাশক ছিটিয়ে কোটি টাকা খরচ করছেন চাষিরা।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ খন্দকার আবদুল ওয়াহেদ জানান, মার্চের প্রথম দিকে হপার পোকার ডিম থেকে বাচ্চা বের হয়। এরপর তারা আমের মুকুল ও কচি পাতা চুষে খায়। এদের মল পাতায় পড়ে ছত্রাকের আক্রান্তে কালো হয়ে যায়। হপার দমনের জন্য আমের মুকুল আসার পর ও ফোটার আগে একবার এবং গুটি মোটরদানার আকার ধারণ করলে আরেকবার বালাইনাশক দিতে হবে। এরপর প্রয়োজন পড়লে আরেকবার প্রয়োগ করা যেতে পারে। আমের মুকুল যখন এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ হয় তখন বালাইনাশক দেওয়া উত্তম। তবে বালাইনাশক ছিটানো হলেও গাছ থেকে একেবারে হপার দমন হয় না।

সম্প্রতি সদর ও বালিয়াডাঙ্গী উপজেলার কয়েকটি আমবাগানে সরেজমিনে দেখা গেছে, চাষিরা দেদারসে গাছে বালাইনাশক ও ছত্রাকনাশক ছিটাচ্ছেন।

বালিয়াডাঙ্গীর সর্বমঙ্গলা গ্রামের ফল ব্যবসায়ী আবদুল বারেক জানান, গত বছর হপার পোকার আক্রমণ ঠেকাতে অনেক টাকার বালাইনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করেছেন। কিন্তু ঠেকানো যায়নি। এবার চার বিঘা জমির ওপর একটি আমবাগান আগাম কিনেছেন। আমের মুকুল আসার আগ থেকেই বালাইনাশক ছিটাতে শুরু করেছেন। ইতিমধ্যেই হপারের আতঙ্কে ১০ হাজার টাকা খরচ করে বাগানে দুবার বালাইনাশক ছিটিয়েছেন।

আম-লিচুচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঠাকুরগাঁও জেলায় এক লাখের ওপরে আমগাছ রয়েছে। মধ্যম আকারের একটি আমগাছে একবার ছিটানোর জন্য সাইপারমেথ্রিন গ্রুপের বালাইনাশক খরচ পড়ে ২৫ থেকে ৩০ টাকা। সেই সঙ্গে ছত্রাকনাশকে খরচ পড়ে ৩৫ টাকা। অন্য খরচ বাদে একটি গাছে একবার বালাইনাশকের পেছনে কমপক্ষে ৬৫ টাকা খরচ হয়। সেই হিসাবে এক লাখ গাছে খরচ পড়ে ৬৫ লাখ টাকা। আর তিনবার বালাইনাশক ছিটাতে গিয়ে খরচ পড়ছে প্রায় দুই কোট টাকা। একটি লিচুগাছেও বালাইনাশক ছিটাতে গিয়ে সমপরিমাণ খরচ হয়।