মুকুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন?

ছোটবেলায় বাবা বিজয় চাকমা মারা গেছেন। মা কনিকা চাকমা পুরোপুরি সুস্থ নন। সে কারণে ছোটবেলায়ই কাজে নেমে যেতে হয় মুকুল চাকমাকে। বাজারে বাজারে সবজি বিক্রি করেছেন। কিন্তু লেখাপড়া ছাড়েননি মুকুল চাকমা। অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমের কারণে একের পর এক সফলতা পেয়েছেন। সুযোগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভর্তি হওয়ার। কিন্তু তাঁর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অনিশ্চিত। কারণ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মতো টাকা এখনো জোগাড় হয়নি। অথচ তাঁকে ভর্তি হতে হবে ২৩ নভেম্বরের মধ্যে।
মুকুল চাকমার বাড়ি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের বড় দূরছড়ি গ্রামে।
২০১৪ সালের এসএসসি পরীক্ষায় খেদারমারা উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পান মুকুল চাকমা। এরপর শিজক কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৪.৯২ পান।
মুকুল চাকমা প্রথম আলোকে বলেন, ‘আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার খুবই ইচ্ছা। কিন্তু টাকার অভাবে পড়তে পারব কি না, তা এখনো অনিশ্চিত।’
মুকুলের মা কনিকা চাকমা বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে মুকুল চাকমা বড়। ছোট ছেলে নবম শ্রেণিতে পড়ছে। এ ছাড়া বাড়িতে আছেন আমার বাবা-মা। তার ওপর পায়ে সমস্যার কারণে আমি ভালোভাবে কাজ করতে পারি না। এ মুহূর্তে আমার পক্ষে ছেলের ভর্তির জন্য ১০-১২ হাজার টাকা জোগাড় করা সম্ভব নয়। কী করব ভেবে পাচ্ছি না।’
শিজক কলেজের অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমা বলেন, সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে মুকুল চাকমা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন।