মুকুল হত্যায় অথৈ পাথারে পরিবার
নড়াইলের কালিয়া উপজেলার ডর-বলাহাটি গ্রামের মুকুল হত্যা মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলা তুলে না নিলে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে।মামলার বাদী ও নিহতের ছোট ভাই শহীদুল ইসলাম বলেন, ‘প্রকাশ্য দিনের বেলায় যারা আমার ভাইকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করল, সেই মামলার আসামিরা জামিনে বেরিয়ে এসেছে। জামিন পেয়েই তারা মামলা তুলে নেওয়ার জন্য আমাকে হুমকি দিচ্ছে। মুকুলের আয়েই সংসার চলত। তাঁকে হারিয়ে আমরা এখন দিশেহারা।’জানা গেছে, প্রতিবেশী কুব্বাত হোসেন ও এয়াকুব শিকদারের সঙ্গে দীর্ঘদিন ধরে মুকুলের বিরোধ চলছিল। এর জের ধরে গত ১৯ ডিসেম্বর মুকুলকে হত্যা করা হয়। এ ঘটনায় শহীদুল ইসলাম বাদী হয়ে সাতজনকে আসামি করে নড়াগাতি থানায় মামলা করেন। আসামিরা হলেন ডর-বলাহাটি গ্রামের এয়াকুব, ইকবাল, উজ্জ্বল, সজ্জল শিকদার, পাখিমারা গ্রামের লালন সরদার, মিরাজ ও আমিন শিকদার।বাবা আতিয়ার মোল্যা বলেন, ‘মুকুল মরে যাওয়ায় আমার বুকে তিনটি ফুটো (ক্ষত) হয়েছে। মুকুল চলে যাওয়ায় বন্ধ হয়ে গেছে আমাদের আয়-রোজগারের ব্যবস্থা।’বাদী শহীদুল অভিযোগ করেন, তাঁর ভাই মুকুল খুলনায় প্রেসের (ছাপাখানা) ব্যবসা করতেন। প্রেসের যন্ত্র কেনার জন্য এক লাখ ৯৮ হাজার টাকা নিয়ে মুকুল ৯ ডিসেম্বর বাড়ি থেকে খুলনার উদ্দেশে বের হন। এ সময় তাঁর ছোট চাচা শাহাদত মোল্যা তাঁর ভাইয়ের সঙ্গে ছিলেন। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে পাখিমারা গ্রামের মান্নানের বাড়িসংলগ্ন বিলে পৌঁছালে আসামিরা লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মুকুল ও শাহাদতকে জখম করে।পলাতক থাকায় আসামিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে আসামি লালন সরদারের স্ত্রী মর্জিনা খাতুন ও উজ্জ্বল শিকদারের স্ত্রী ফাতেমা খাতুনের সঙ্গে কথা বললে তাঁরা জানান, তাঁদের স্বামীরা বাড়িতে নেই। তাঁরা তাঁদের মুঠোফোনের নম্বরও জানেন না।নড়াগাতি থানার ওসি সরওয়ার হোসেন জানান, হাইকোর্ট থেকে দুই মাসের আগাম জামিন নেওয়ায় আসামিদের গ্রেপ্তার করা যাচ্ছে না। মামলার বাদী ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার বিষয়টি তিনি জানেন।