বাগান ভেসে যাচ্ছে ম ম গন্ধে। আর করাত দিয়ে কাটা হচ্ছে গাছের গোড়া। মুকুলে ভরা ডালপালা লুটিয়ে পড়ছে মাটিতে। ইটভাটার বিরূপ প্রভাবে ফলের রাজা আমের অবস্থা এখন এতটাই খারাপ যে মালিকেরা বাধ্য হয়ে মুকুল ধরা গাছ কেটে ফেলছেন। আর খালি জমি ইজারা দিচ্ছেন ইটভাটার মালিককেই। আমের জন্য খ্যাতি আছে রাজশাহীর। সেই রাজশাহীরই পবা উপজেলার এক ইউনিয়নের চিত্র এটি।
হরিয়ান নামের ওই ইউনিয়নে ইটভাটা রয়েছে ১৭টি। আরও তিনটি করা হচ্ছে। একটির জন্যই কাটা পড়ছে প্রায় ২০০ আমগাছ।
রাজশাহী নগরের চারদিক ঘিরে রয়েছে পবা। নগরের ইটের চাহিদা মেটাতে পবার ফসলি জমিতে একের পর এক ইটভাটা গড়ে উঠেছে। স্থানীয় লোকজনের হিসাবমতে, ১৫ থেকে ২০ বছর আগে এই এলাকায় ইটভাটার ব্যবসা শুরু হয়। সম্প্রতি ভাটার সংখ্যা বিপজ্জনক হারে বাড়ছে। উপজেলা ভূমি কার্যালয় বলছে, পবায় এখন ভাটার সংখ্যা ২৯টি। এর মধ্যে শুধু হরিয়ান ইউনিয়নেই চালু রয়েছে ১৭টি ভাটা। আরও তিনটি ভাটা চালুর কার্যক্রম শুরু হয়েছে। এই ইটভাটার বিরূপ প্রভাবে নষ্ট হয়ে যাচ্ছে এলাকার অন্যতম অর্থকরী ফসল আম।
রাজশাহী ফল গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলীম উদ্দীন প্রথম আলোকে বলেন, ইটভাটার প্রভাবে আমে ‘ব্ল্যাকটিপ’ রোগ হয়। এ রোগ হলে আম আর বাড়ে না। অপুষ্ট আকারে (ম্যাল ফরমেশন) ছোট ছোট হয়ে থাকে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার আব্দুস সালাম নিজের বাগানের আমগাছ কেটে বাগানের জমি ইটভাটার মালিকের কাছেই ইজারা দিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, আট-দশ বছর ধরে তাঁরা বুঝতে পারছেন, ইটভাটার প্রভাবে আমের ক্ষতি হচ্ছে। তিনি বলেন, তাঁদের এলাকার ঐতিহ্যবাহী আম ছিল ল্যাংড়া, ফজলি ও খিরসাপাত। দুঃখ করে বলেন, বছর পাঁচেক আগে তাঁরা ইটভাটার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলেছিলেন। কিন্তু প্রশাসনের সহযোগিতা না পেয়ে আন্দোলনটি জনসমর্থন হারায়। একসময় তাঁরা হাল ছেড়ে দেন।
হরিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিদুল ইসলাম বলেন, তাঁর ইউনিয়নে ১৭টি ভাটা চালু রয়েছে। আমবাগান কেটে ও ফসলি জমিতে আরও তিনটি ইটভাটা করার প্রস্তুতি চলছে। তিনি বলেন, এত বেশি ইটভাটা থাকার কারণে প্রচুর পরিমাণে আমগাছ থাকলেও এই এলাকার আমের দাম পাওয়া যায় না।
খোঁজ নিয়ে জানা গেছে, হরিয়ান ইউনিয়নের জায়গীরপাড়ায় এ রকম একটি ইটভাটার কাজ শুরু হয়েছে। এই ভাটার জন্য প্রায় ৩০ বিঘা জমি ইজারা নেওয়া হয়েছে। ভাটাটি করছেন ব্যবসায়ী রবিউল ইসলাম। পাশের গ্রামে তাঁর আরেকটি ভাটা চালু আছে। ইতিমধ্যে জায়গীরপাড়ায় তাঁর নতুন ভাটার জন্য মাটি ফেলা হয়েছে। গাছ কেটে জমি খালি করা হচ্ছে।
১৩ মার্চ ওই এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার ধারে ইটভাটার জন্য বাইরে থেকে মাটি এনে ফেলা হয়েছে। পাশেই চলছে গাছ কাটার কাজ। বাগানের ভেতরে নেমে মনে হলো বাতাসে আমের মুকুলের ম ম গন্ধ ভেসে বেড়াচ্ছে। কিন্তু মুকুলে ভরা ডালপালা নিয়ে বাগানের একেকটি গাছ মাটিতে হুমড়ি খেয়ে পড়ছে। শ্রমিকেরা করাত দিয়ে গাছের গুঁড়ি টুকরো টুকরো করছেন।
জানতে চাইলে আলমগীর বলেন, চারদিকে ইটভাটা হয়ে গেছে। এই এলাকার বাগানে আম হচ্ছে না। সুন্দর মুকুল হয়েছে। আম বড় হওয়ার সময় নিচের দিকে চিকন হয়ে কালো দাগ পড়ে, ফেটে যায়। ঝরে পড়ে। যেগুলো থাকে সেগুলোও খাওয়া যায় না। তাঁদের চার বিঘার বাগানে ৬০টি গাছ ছিল। এতগুলো গাছের আম ৩০ হাজার টাকায়ও বিক্রি করা যায় না। তার চেয়ে ইটভাটায় দিলে প্রতিবছর ৩৩ হাজার টাকা বিঘা হিসেবে পাবেন।
রাজশাহী পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাদের কাছে পবায় ১৫টি ইটভাটার তথ্য রয়েছে। এই ১৫টি ভাটার কোনোটিরই পরিবেশ ছাড়পত্র নেই। অধিদপ্তরের উপপরিচালক মামুনুর রশিদ বলেন, অভিযোগ পেলে তাঁরা অভিযান চালাচ্ছেন।
জানতে চাইলে ভাটার মালিক রবিউল ইসলাম বলেন, তিনি কারও জমি জোর করে নেননি। আমবাগানের মালিকেরাই তাঁকে ডেকে জমি দিয়েছেন। তাঁরা আম বিক্রি করে যে টাকা পান, তার চেয়ে ভাটা থেকে অনেক বেশি টাকা পাবেন।
পবার ইটভাটাগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে কি না জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, পবায় কোনো ইটভাটাকে লাইসেন্স দেওয়া হয়নি। তাঁরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেবেন।