মুকুলী ও তাঁর ছেলের আগ্নেয়াস্ত্র গুলির ব্যবসা দীর্ঘদিনের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের উত্তর কলেজপাড়ার বাড়িতে বসেই টানা তিন বছর ধরে আগ্নেয়াস্ত্র ও গুলির ব্যবসা করছেন মুকুলী বেগম (৪০) ও তাঁর ছেলে ইমরান (১৯)। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা ও স্থানীয় একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ কনস্টেবলের স্ত্রী মুকুলী বেগম ও তাঁর ছেলের বিরুদ্ধে গত শনিবার পুলিশের করা মামলাতেও অবৈধ অস্ত্র ও গুলির ব্যবসায়ের কথা তুলে ধরা হয়েছে।গুলিসহ গ্রেপ্তার হওয়া মুকুলী বেগমকে গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিচারক তা নামঞ্জুর করে মুকুলী বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ২৩ ফেব্রুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য করেন। গতকাল আলমডাঙ্গা গিয়ে জানা যায়, মুকুলী পরিবারের সঙ্গে পদস্থ কয়েকজন সরকারি কর্মকর্তার বিশেষ সখ্য ছিল। এ ছাড়া তাঁর বাড়িতে প্রভাবশালী বেশ কিছু রাজনৈতিক নেতা ও এলাকার চিহ্নিত সন্ত্রাসীর আনাগোনা ছিল। তাই এত দিন ভয়ে কেউ টুঁ শব্দটি করেনি। তবে শনিবার মুকুলী বেগম গ্রেপ্তার হওয়ার পর থেকে একে একে সব প্রকাশ পেতে শুরু করে। ইমরানকে ধরতে গতকালও পুলিশ আলমডাঙ্গা উপজেলা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে। মুকুলী ও তাঁর ছেলের বিরুদ্ধে পুলিশের করা মামলার তদন্ত করছেন থানার এসআই শোয়ায়েব। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আলমডাঙ্গা উত্তর কলেজপাড়ার মুকুলী বেগম এবং তাঁর ছেলে ইমরান অবৈধ অস্ত্র ও গুলির ব্যবসা করেন। তাঁরা বাড়িতে অবৈধ অস্ত্র ও গুলি মজুদ করে রেখেছেন—এ রকম তথ্যের সত্যতা যাচাই করতে র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের কমান্ডার এএসপি রেজাউল করিমের নেতৃত্বে আলমডাঙ্গা থানার পুলিশ শনিবার বেলা সাড়ে ১১টায় মুকুলী বেগমের বাড়িতে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় ঘরের ওয়্যারড্রব খুলতে গেলে মুকুলী বেগম আপত্তি জানান। একপর্যায়ে ওয়্যারড্রবের ড্রয়ার খোলা হয়। কিন্তু গয়নার কথা বলে সেখান থেকে একটি কাপড়ের পোটলা তুলে নেন মুকুলী। ওই পোটলা খুলে ভেতর থেকে ৭০টি গুলি উদ্ধার করা হয়। মুকুলী বেগম আইনশৃঙ্খলা বাহিনীকে জানান, গুলিগুলো তাঁর ছেলে ইমরান এনে রেখেছে। অভিযানের বিষয়টি টের পেয়ে ইমরান পালিয়ে যায়।এজাহারে আরও বলা হয়, ইমরান একজন উঠতি চিহ্নিত সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। আলমডাঙ্গা শহরে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ছিনতাইয়ের অভিযোগে তাঁর বিরুদ্ধে একটি মামলাও রয়েছে।সূত্রমতে, বেশ কয়েক মাস ধরে ইমরানের নেতৃত্বে ১২ সদস্যের একদল সন্ত্রাসী আলমডাঙ্গা শহর নিয়ন্ত্রণ করছে। এই সন্ত্রাসীদের কয়েকজনের বাড়ি কুষ্টিয়া জেলায়। ইমরানের আগ্নেয়াস্ত্র ও গুলির ক্রেতা ছিল স্থানীয় কয়েকজন সন্ত্রাসী এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকা ও বরিশাল জেলার একাধিক সন্ত্রাসী গোষ্ঠী। এদিকে ১৬ ফেব্রুয়ারি আলমডাঙ্গা পশুহাট এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া কুষ্টিয়ার সুবাস হোসেন (১৯) পুলিশকে জানিয়েছেন, তাঁদের দলনেতা ইমরান। তাঁর (ইমরান) কাছে অত্যাধুনিক অবৈধ আগ্নেয়াস্ত্র আছে। এলাকাবাসী বলছে, মুকুলী বেগমকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করলে অনেক রুই-কাতলার নাম বেরিয়ে আসবে।আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, টানা তিন বছর ধরে চক্রটি আগ্নেয়াস্ত্র ও গুলির ব্যবসায় জড়িত। এই চক্রের সদস্যদের ধরতে প্রয়োজনে যে কাউকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ইমরানকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।