মুকুলে চিনিমিশ্রিত পানি
রাজশাহীতে গাছ ভরে আমের মুকুল এলেও পতঙ্গ না থাকায় পরাগায়ন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন আমচাষিরা। তাঁরা অনেকেই গাছে চিনিমিশ্রিত পানি স্প্রে করে পতঙ্গ ভেড়ানোর চেষ্টা করছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এতে কোনো লাভ হবে না।রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার রাজশাহীতে সাড়ে আট হাজার হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে। গাছে মুকুল এসেছে অন্য বছরের চেয়ে অনেক বেশি। কিন্তু কোনো গাছেই তেমন পতঙ্গ নেই। এই অবস্থায় আমচাষিরা আশঙ্কা করছেন, বেশি মুকুল হলেও এবার তেমন ফলন হবে না। এ জন্য তাঁরা নিজেরাই নানাভাবে চেষ্টা করছেন।গত বুধবার সরেজমিনে বাঘা উপজেলার বাউসা গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের কৃষক নাসির উদ্দিন তাঁর আমগাছে চিনিমিশ্রিত পানি স্প্রে করছেন। নাসির উদ্দিন জানান, ইতিমধ্যে তিনি ৪০টি গাছে এভাবে স্প্রে করেছেন। তিনি বলেন, এবার কোনো গাছেই পতঙ্গ বসছে না। এতে পরাগায়ন না হওয়ার সম্ভাবনা রয়েছে। পরাগায়ন না হলে ফলনও ভালো হবে না। বাউসা দাঁইড়পাড়া গ্রামের আমচাষি পিঙ্কু জানান, তিনি ১৫ লিটার পানিতে ২৫০ গ্রাম চিনি মিশিয়ে স্প্রে করেছেন।রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আলিম উদ্দিন বলেন, যেকোনো জিনিস পরীক্ষা ছাড়া ব্যবহার করা ঠিক না। নির্বিচারে বিষ দিয়ে পতঙ্গ নিধন করার পর এখন চিনিমিশ্রিত পানি দিলেই পতঙ্গ আসে কোথায় থেকে তিনি দেখতে চান। তা ছাড়া ইতিমধ্যেই যা হওয়ার হয়ে গেছে। এখন এগুলো করলেও তেমন ফল পাওয়ার কথা নয়।