মুক্ত আকাশে পাখা মেলল সেই ইগলটি

আড়াই মাসের চিকিৎসা শেষে মুক্ত আকাশে পাখা মেলল সেই ইগলটি। বিরল প্রজাতির ইগলটি মাগুরার মহম্মদপুরের খর্দ ফুলবাড়ী সড়কের পাশ থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার ইউএনও শাহীন হোসেন তাঁর সরকারি বাসভবনের পাশের এলাকায় ইগলটি ছেড়ে দেন। গত ১১ ফেব্রুয়ারি ইগলটিকে গ্রামের শিশুদের কাছ থেকে উদ্ধার করে এত দিন চিকিৎসা দেওয়া হচ্ছিল। ইউএনও শাহীন হোসেন বলেন, বিকেলে তিনি দাপ্তরিক কাজে গাড়িতে করে নহাটার দিকে যাচ্ছিলেন। খর্দ ফুলবাড়ী এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জটলা দেখতে পেয়ে গাড়ি থামান। এ সময় একদল শিশু পা বাঁধা অবস্থায় একটি পাখি নিয়ে টানাহেঁচড়া করছিল। স্থানীয় লোকজনের সহায়তায় তিনি পাখিটি উদ্ধার করে তাঁর সরকারি বাসভবনে নিয়ে আসেন। বাসভবনের একটি কক্ষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফার তত্ত্বাবধানে পাখিটির চিকিৎসা চলছিল। প্রায় দুই মাসের চিকিৎসায় ইগলটি সুস্থ হয়ে ওঠে। দুই মাসে পাখিটির প্রতি একধরনের মায়া জন্মেছিল। এটি মাছ খেতে পছন্দ করত। বলা চলে, এ দুই মাসে পরিবারের সদস্য হয়ে গিয়েছিল। তারপরও পাখিটি সুস্থ হয়ে আবাসস্থলে ফিরে যাওয়ায় সবাই খুশি।
ইগলটি ছেড়ে দেওয়ার সময় ইউএনও ছাড়াও তাঁর স্ত্রী ঊর্মি হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী রেজা খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, পাখিটি শিকারি ইগল প্রজাতির। এ পাখি এখন বিরল। এরা বিল এলাকায় মাছ খেয়ে জীবন ধারণ করে। খাবার ও বসবাসের পরিবেশ না থাকায় ইগল প্রজাতির পাখিগুলো এখন বিলুপ্তির পথে।