মুক্ত আসরের ‘ঈদ উপহার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি : আব্দুর রাজ্জাক সরকার

‘ধর্ম যার যার, উৎসব সবার’—এ মর্মবাণীকে ধারণ করে হিন্দু-মুসলমান সবার মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন ‘মুক্ত আসর’। গতকাল শুক্রবার বিকেলে কুড়িগ্রামের উলিপুরে খামার ঢেকিয়ারাম প্রাথমিক স্কুল মাঠে দেড় শতাধিকের বেশি দুস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মো. হাশেম আলী, মুক্ত আসরের প্রচার সম্পাদক আবদুর রাজ্জাক সরকার, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

ছবি : আব্দুর রাজ্জাক সরকার

উপহার নিতে আসা বিমল দাশ বলেন, ‘সেমাই, চিনি, দুধ, বাদাম ও কিসমিস উপহার পেয়ে খুশি লাগছে। ঈদের দিন আমার পরিবারের সবাই সেমাই চিনি রান্না করে একসঙ্গে খাব।’ ষাটোর্ধ্ব রহিমা বেগম বলেন, ‘ছোট নাতি–নাতনি নিয়া বাড়িত একা থাকি। ছেলে ঢাকায় থাকে, ঈদে বাড়ি আসবে না। এসব উপহার পেয়ে ঈদের দিনের দুশ্চিন্তা দূর হলো।

মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ জানান, ‘ঈদের খুশি সবার মধ্যে ছড়িয়ে দিতে প্রতিবছর আমরা বিভিন্ন জেলায় “ঈদ উপহার” দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় এবার কুড়িগ্রাম ঈদ উপহার দেওয়া হয়েছে। কাল রোববার দিনাজপুরে ঈদ উপহার দেওয়া হবে।’