
প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে দেশের সমৃদ্ধির জন্য সাহসিকতার সঙ্গে মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক ডেইলি স্টার। পত্রিকাটির সম্পাদক মাহ্ফুজ আনাম বলেছেন, মুক্ত ও স্বাধীন গণমাধ্যম এবং একটি দেশের গণতন্ত্র ও অর্থনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত।
২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে নতুনভাবে ওয়েবসাইটও চালু করেছে পত্রিকাটি। এখন থেকে ইন্টারনেটের পাশাপাশি মুঠোফোন, ট্যাবসহ ডিজিটাল সব মাধ্যমে সহজেই পড়া যাবে পত্রিকাটি। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমেও সম্পৃক্ত হওয়া যাবে ডেইলি স্টার-এর সঙ্গে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্ণাঢ্য এক প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। রাজনীতিক, পেশাজীবী, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, সংস্কৃতি-কর্মী, বিভিন্ন দেশের কূটনীতিকসহ সমাজের বিভিন্ন স্তরের গণমান্য ব্যক্তিরা এই সমাবেশে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে মাহ্ফুজ আনাম বলেন, ‘সব ধরনের ভয়শঙ্কার ঊর্ধ্বে উঠে ডেইলি স্টার সাংবাদিকতা করে। আমাদের সবচেয়ে বড় শক্তি পাঠক। প্রতিদিন যে পাঠক সকালে উঠে ডেইলি স্টার কেনেন, সেই পাঠকেরাই আমাদের শক্তি, আমাদের আত্মবিশ্বাস।’
ডেইলি স্টার-এর সম্পাদক বলেন, ‘আমরা দেশপ্রেম নিয়ে সাংবাদিকতা করছি। দেশের ইতিবাচক সব অর্জনের মুখপত্র হতে চাই আমরা। কিন্তু একই সঙ্গে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার—এসবের বিরুদ্ধে সাংবাদিকতা করব।’
আগত অতিথি ও পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাহ্ফুজ আনাম বলেন, ‘পাঠক ২৪ ঘণ্টা পর প্রতিদিন সকালে পত্রিকা পায়। কিন্তু এই ২৪ ঘণ্টায় অনেক কিছু ঘটে। তাই ২৪ ঘণ্টাই যাতে আপনারা ডেইলি স্টার-এর সঙ্গে থাকতে পারেন, সে কারণেই আমরা নতুন করে ওয়েবসাইটে প্রবেশ করছি। এখন থেকে কম্পিউটার, মোবাইল, ট্যাবসহ সব মাধ্যমে আপনারা ডেইলি স্টার খুব সহজেই পড়তে পারবেন।’
এরপর মাহ্ফুজ আনাম বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সফল কয়েকজন তরুণ-তরুণীকে নিয়ে ডেইলি স্টার-এর নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন। এর আগে ডেইলি স্টার-এর প্রকাশনাপ্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ডের চেয়ারপারসন রোকিয়া আফজাল রহমান সবাইকে স্বাগত জানান এবং আগামীর পথে যাত্রায় তাঁদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক, সড়ক ও সেতু পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী জি এম কাদের ও ফারুক খান, বিএনপির নেতা মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, ইনাম আহমেদ চৌধুরী, শিক্ষাবিদ আনিসুজ্জামান, অর্থনীতিবিদ রেহমান সোবহান, আইনজীবী ড. ¯কামাল হোসেন, মানবাধিকারকর্মী হামিদা হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, রাশেদা কে চৌধূরী, এম হাফিজউদ্দিন, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।