মুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় চাই বিতর্ক, যুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে গতকাল প্রথম আলো–জেডিসি ​বিতর্ক উৎ​সব ২০১৫–এর উদ্বোধন করা হয়। চার দিনের এ উৎ​সবে বিভিন্ন স্কুল–কলেজের মোট ৮০টি দল অংশ নিচ্ছে l ছবি: প্রথম আলো
রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে গতকাল প্রথম আলো–জেডিসি ​বিতর্ক উৎ​সব ২০১৫–এর উদ্বোধন করা হয়। চার দিনের এ উৎ​সবে বিভিন্ন স্কুল–কলেজের মোট ৮০টি দল অংশ নিচ্ছে l ছবি: প্রথম আলো

হৃদয় উন্মুক্ত থাকলে গণতন্ত্র অবরুদ্ধ থাকতে পারে না। উন্মুক্ত হৃদয়ে বিতর্ক ও যুক্তির ভেতর দিয়ে সত্যকে অনুসন্ধান করতে হবে। প্রথম আলো-জেডিসি বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এমনই আহ্বান জানালেন বক্তারা। তাঁদের অভিমত, এর মাধ্যমেই প্রতিষ্ঠা পাবে মুক্ত সমাজ, মুক্ত গণতন্ত্র।
গতকাল বুধবার রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে যোসেফাইট ডিবেটিং ক্লাবের (জেডিসি) আয়োজনে চার দিনের এ বিতর্ক উৎসবের উদ্বোধন করা হয়। উৎসবে সহযোগিতায় রয়েছে প্রথম আলো। এতে বিভিন্ন স্কুল-কলেজের মোট ৮০টি দল অংশ নিচ্ছে। উৎসবের প্রতিপাদ্য—‘অবরুদ্ধ গণতন্ত্র, তবুও হৃদয় উন্মুক্ত’।
কয়েক শ শিক্ষার্থীর উপস্থিতিতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান উৎসবের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যুক্তির মাধ্যমেই, বিতর্কের মাধ্যমেই সত্যকে অনুসন্ধান করতে হবে, সত্যকে বের করে নিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, ‘আমাদের জাতীয় জীবনে বিতর্ক নেই। বিতর্কের মাঝে থাকে যুক্তি, থাকে সেই যুক্তিকে খণ্ডনের সুযোগ। আমাদের রাজনীতিতে আমরা সেটা দেখি না।’ তিনি আরও বলেন, ‘রাষ্ট্র পরিচালনার সঙ্গে যাঁরা যুক্ত আছেন, যাঁরা সংসদ পরিচালনার সঙ্গে যুক্ত আছেন, তাঁদের হৃদয় উন্মুক্ত নয়। তাঁদের হৃদয় যদি উন্মুক্ত থাকত, তাহলে গণতন্ত্র অবরুদ্ধ থাকত না।’
স্কুলের প্রিন্সিপাল ব্রাদার রবি পিউরিফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিতর্ক উৎসবের প্রধান বিচারক নেওয়াজুল কবির।

২৪ নভেম্বরের পর মেশিন রিডেবল পাসপোর্ট বাধ্যতামূলক
বিদেশে যাওয়া কিংবা ফেরার ক্ষেত্রে আগামী ২৪ নভেম্বরের পর হাতে লেখা পাসপোর্ট ব্যবহারের সুযোগ থাকছে না। এ সময়ের পর থেকে মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
গতকাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রী রাশেদ খান মেনন। খবর বাসসের।
বৈঠকে বলা হয়, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটির নির্দেশনা অনুসারে হাতে লেখা পাসপোর্টের কার্যকারিতা আগামী ২৪ নভেম্বর শেষ হবে। এরপর থেকে এমআরপি ছাড়া কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে যাতায়াত করতে পারবেন না।