মুক্ত গণমাধ্যম সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্ত গণমাধ্যমের বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান আগের বছরের তুলনায় দুই ধাপ এগিয়েছে। সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৪তম। ২০১৫ ও ২০১৪ সালে এ অবস্থান ছিল ১৪৬তম। বাংলাদেশের স্কোর ২ দশমিক ৯৯ পয়েন্ট কমে গেছে।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস গতকাল বুধবার প্রতিবেদনটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়েই গণমাধ্যমের স্বাধীনতার ‘গভীর ও বিচলিত হওয়ার মতো’ অবনতি ঘটেছে।
প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে, ‘বাংলাদেশে সংবিধান কিংবা রাষ্ট্রধর্ম ইসলামের সমালোচনা করা মানে ঝামেলায় পড়া। যেসব সাংবাদিক ও ব্লগার এই দুটি বিষয়ে সেন্সরশিপ মানতে অস্বীকৃতি জানান, তাঁদের যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ডের ঝুঁকির মধ্যে পড়তে হয়। স্পষ্টবাদী ধর্মনিরপেক্ষ লোকজন ইসলামি জঙ্গিদেরও লক্ষ্যবস্তুতে পরিণত হন। তবে তুলনামূলকভাবে কম স্পর্শকাতর বিষয়গুলোতে গণমাধ্যম যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ এবং যথেষ্ট স্পষ্টবাদী।’
এ সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রথম আলোকে বলেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের দুই ধাপ এগোনোর মাধ্যমে প্রমাণিত হয়েছে এ দেশে গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা অতীতের তুলনায় অনেক বেশি সুরক্ষিত। বর্তমান সরকারের অধীনে গণতান্ত্রিক চর্চা না হলে এই পরিস্থিতি হতো না। মতপ্রকাশের স্বাধীনতার ব্যাপারে সরকারের ভূমিকার এই মূল্যায়ন একটি ইতিবাচক দিক।
বাংলাদেশে সংবিধান কিংবা ইসলাম সম্পর্কে সমালোচনা নিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডারসের মন্তব্য বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন ইকবাল সোবহান চৌধুরী। তাঁর মতে, সংবিধান ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হলে বিশ্বের কোনো দেশের আইনেই রেহাই পাওয়ার সুযোগ নেই। কাউকে স্বাধীনতা দেওয়ার মানে তিনি নিজেকে একটি সীমারেখার মধ্যে রেখে নিজের মত প্রকাশ করবেন। এর ব্যত্যয় ঘটলে ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।
এ সম্পর্কে নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দীন আহমেদ বলেন, আরএসএফের প্রতিবেদনে গণমাধ্যম নিয়ে মূল্যায়ন আংশিকভাবে সত্যি। কারণ প্রশাসনের পাশাপাশি চাপপ্রয়োগকারী বিভিন্ন সংগঠন, পাচারকারী, চোরাচালানকারী ও অসামাজিক শক্তির কারণে সৃষ্ট পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সাংবাদিকেরা স্ব-আরোপিত নিয়ন্ত্রণের পথ বেছে নিতে বাধ্য হন।