মুক্ত গণমাধ্যমের জন্য চাই নিরাপদ পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকেরা যাতে নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব সরকার ও রাষ্ট্রের। ভয়ভীতি দেখানো, মামলা, হামলা, নির্যাতনসহ নানাভাবে নির্ভীক সাংবাদিকতার পথ রুদ্ধ করা হচ্ছে। এ অবস্থার অবসান হওয়া প্রয়োজন। গতকাল রোববার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও নোয়াখালীতে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
ফেনী: মুক্ত সাংবাদিকতার জন্য মুক্ত গণমাধ্যম ও গণতন্ত্র অপরিহার্য। সমাজ পরিবর্তনে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ব্যাপারে রাষ্ট্র এগিয়ে না এলে গোটা জাতি ও দেশ ক্ষতিগ্রস্ত হবে। গতকাল ফেনী প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে সাংবাদিক নির্যাতনসহ খুন-গুম বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
প্রেসক্লাবের সভাপতি নুরুল করিম মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার রেজাউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন।
বক্তব্য দেন সাংবাদিক আবু তাহের, বখতেয়ার ইসলাম, রবিউল হক প্রমুখ। সভার পর প্রেসক্লাব চত্বর থেকে শোভযাত্রা বের করা হয়।
খাগড়াছড়ি: পাহাড়ে সাংবাদিকদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবু সব ভয়ভীতি উপক্ষো করে কাজ করে যেতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের ঐক্য বজায় রাখতে হবে। খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা ও লেখক-গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা।
নোয়াখালী: সাংবাদিকতাকে সমৃদ্ধ হতে দাও—এই স্লোগানে নোয়াখালীতে দিবসটি পালিত হয়েছে। সকালে নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বক্তারা বলেন, দলবাজি ও ক্ষমতাসীন দলের চাপের কারণে মুক্ত সাংবাদিকতা এখন হুমকির মুখে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ। বক্তব্য দেন সাংবাদিক বিজন সেন, শাহ এমরান মো. সুজন, মাহবুবুর রহমান, তেল-গ্যাস, বন্দর-বিদ্যুৎ ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন, উন্নয়ন সংগঠন প্রাণের নির্বাহী প্রধান নুরুল আলম প্রমুখ। সভায় বক্তারা বলেন, আলোচনা সভা শেষে উপস্থিত সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা জজকোর্ট সড়ক প্রদক্ষিণ করে।
লক্ষ্মীপুর: শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা নিরাপদ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। সভায় জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবদুল মান্নান ভূঁইয়া সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান চৌধুরী। আলোচনার শুরুতে দিবসের মূল প্রবন্ধ পাঠ করেন প্রভাষক গাজী গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মাহবুব মোহাম্মদ আলী, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লা আল মামুন, চিকিৎসক সালাহ উদ্দিন শরীফ, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনিল চন্দ্র ঘোষ, সনাকের জেলা সভাপতি বনশ্রী পাল চৌধুরী, মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা প্রমুখ। দিবসকে কেন্দ্র করে প্রেসক্লাব থেকে শোভাযাত্রা বের করা হয়।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ফেনী ও নোয়াখালী অফিস, খাগড়াছড়ি ও লক্ষ্মীপুর প্রতিনিধি}