মুক্ত দিবসে ডিমলা ও হিলিতে নানা কর্মসূচি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ১১ ডিসেম্বর নীলফামারীর ডিমলা উপজেলা ও দিনাজপুরের সীমান্তবর্তী হিলি এলাকা পাকিস্তানি বাহিনী থেকে মুক্ত হয়। মুক্ত দিবস উপলক্ষে এসব এলাকায় গতকাল রোববার নানা কর্মসূচি পালন করা হয়।
মুক্ত দিবস উপলক্ষে হাকিমপুর পৌরসভার ব্যবস্থাপনায় গতকাল বেলা ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট-সংলগ্ন মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তা স্থানীয় বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের পাশে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘সম্মুখ সমরে’ গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবার, পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতারা। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে দোয়া মাহফিল করা হয়।
স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধা বলেন, রণকৌশলগত কারণে হিলি গুরুত্বপূর্ণ এলাকা। হিলে দখল করতে এপ্রিল মাস থেকে আকাশ ও সড়কপথে থেমে থেমে হামলা চালায় পাকিস্তানি সেনারা। ৯ ও ১০ ডিসেম্বর মুহাড়াপাড়া গ্রামের পাশে মিত্র বাহিনীর সঙ্গে প্রচণ্ড সম্মুখ যুদ্ধ হয়। এ সময় শুধু মিত্র বাহিনীর ৩৪৫ জন সদস্য শহীদ হন। অবশেষে ১১ ডিসেম্বর মুক্ত হয় হিলি।
দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে একটি আলোচনা সভা হয়। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি জাহিদুল ইসলাম, পৌর মেয়র জামিল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছানাউল ইসলাম, হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন ডিমলা উপজেলার ১০টি ইউনিয়ন মুক্ত হয়। গতকাল সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শামসুল হক। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম, ডেপুটি কমান্ডার রেজানুল হক চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা যুবলীগের সভাপতি শৈলেন চন্দ্র রায়, হিউম্যান রাইটস নীলফামারীর প্রধান সমন্বয়কারী সিরাজুল ইসলাম প্রমুখ।