মুক্ত পরিবেশে লক্ষ্মীপ্যাঁচাটি
শখের বশে প্রতিপালন করতে একটি লক্ষ্মীপ্যাঁচা কিনেছিলেন এক ব্যক্তি। সিলেট নগরের রায়নগর এলাকা থেকে গত শনিবার তিনি এটি কেনেন। খাঁচাবন্দী অবস্থায় এটি কয়েক দিন হয়তো কোনো খাবার খায়নি। অভুক্ত থেকে একপর্যায়ে অসুস্থ হয়ে পড়ে।
খবর পেয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণী অধিকারবিষয়ক সংগঠন প্রাধিকারের কর্মীরা প্যাঁচাটিকে উদ্ধার করে গতকাল মঙ্গলবার সকালে অবমুক্ত করেন। বন্দিদশা থেকে মুক্ত হয়েই লক্ষ্মীপ্যাঁচাটি খাবার মুখে নিয়েছে।
প্রাধিকারের সভাপতি রাহুল তালুকদার জানান, প্যাঁচাটি কিনে বিপাকে পড়েছিলেন রায়নগরের ওই ব্যক্তি। শেষে তিনিই যোগাযোগ করে অবমুক্ত করার পরামর্শ দেন। সোমবার রাতে সেটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। কিন্তু প্যাঁচাটি কোনো খাবার মুখে নিচ্ছিল না।
গতকাল সকালে সিলেটের টিলাগড় ইকোপার্ক এলাকার একটি গাছের ডালে সেটিকে রেখে পোকা-মাকড় দিলে সেগুলো খেয়ে ফেলে। কিছুক্ষণ পর প্যাঁচাটি বনে উড়ে যায়।