মুক্ত প্রকাশনার ক্ষেত্র প্রস্তুতে একজোট হওয়ার অঙ্গীকার
শেষ হলো প্রকাশনা নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন। সমাপনী দিনে দেওয়া ঢাকা ঘোষণায় লেখক ও প্রকাশকদের জন্য মুক্ত প্রকাশনার ক্ষেত্র প্রস্তুতে সবাই একজোট হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। অংশগ্রহণকারী ব্যক্তিদের মতে, মুক্তচিন্তা ও স্বাধীন প্রকাশনা সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়।
তাঁরা বলেন, সম্মিলিত প্রচেষ্টায় মুক্তবুদ্ধির চর্চা দিয়ে উগ্রবাদকে প্রতিহত করতে হবে। দক্ষিণ এশিয়ায় মানুষে মানুষে সম্পর্ক সৃষ্টিতে প্রকাশকদের আঞ্চলিক প্ল্যাটফর্ম সৃষ্টি করতে হবে। দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের মধ্যে সম্পর্ক সৃষ্টিতে সবচেয়ে বড় মাধ্যম হতে পারে বই।
গতকাল শনিবার সারা দিন ধরে চলা বিভিন্ন সেশনে বক্তারা এসব বিষয় তুলে ধরেন।
এদিন সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ, ইমেরিটাস পাবলিশার্স মহিউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি। ঢাকা ঘোষণা পাঠ করেন প্রাবন্ধিক মফিদুল হক। স্বাগত বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আখতারুজ্জামান। সঞ্চালনায় ছিলেন সমিতির সহসভাপতি মাজহারুল ইসলাম।
গতকাল সম্মেলনের শেষ দিনে তিনটি সেশন অনুষ্ঠিত হয়। সেশনগুলো হলো ‘দেশীয় প্রকাশনার আন্তর্জাতিকীকরণ’, ‘প্রকাশনায় নারী’ ও ‘প্রকাশনার ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা’। এতে বিদেশি প্রকাশকদের মধ্যে অংশ নেন ভারতের মন্দিরা সেন ও ইমানুল হক, শ্রীলঙ্কার দীনেশ কুলাতাঙ্গা ও নেপালের লিখাত পান্ডে।
তরুণ প্রকাশক মাহরুখ মহিউদ্দিন মনে করেন, প্রকাশনার জগৎকে আরও সুন্দর করতেই নারীদের আরও বেশি করে অংশগ্রহণ প্রয়োজন। এ জন্য সংবেদনশীল পুরুষদের যেমন এগিয়ে আসা দরকার, তেমনি নারীদেরও বুঝতে হবে, যোগ্যতা দিয়েই তাঁদের অবস্থান করে নিতে হবে। ‘প্রকাশনায় নারী’ নামের অধিবেশনটিতে অন্দরসজ্জাবিদ নাজনীন হক বলেন, বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে নারীরা এগিয়ে গেলেও বই লেখা, সম্পাদনা, প্রকাশনা ও সমালোচনার ক্ষেত্রে তাঁরা পিছিয়ে আছেন। কিন্তু এটা বলা যায়, ঐতিহ্যগতভাবে নারীদের বই ছিল কাঁথাশিল্প। ঘর ও অন্যান্য জায়গা থেকে প্রতিনিয়ত নারীরা যা শিখতেন, সেটাই তাঁরা কাঁথায় ফুটিয়ে তুলতেন।
শ্রীলঙ্কার প্রকাশক দীনেশ কুলাতাঙ্গাও বললেন, তাঁর দেশেও নারী প্রকাশকের সংখ্যা কম, তবে অনেক নারী লেখক আছেন সেখানে। ভারতের প্রকাশক মন্দিরা সেন মনে করেন, প্রকাশনাশিল্পে নারীর অবস্থান সমাজ থেকে আলাদা করা যাবে না। এর সঙ্গে শিক্ষা, সমাজসংস্কার, শিক্ষার হার, সামাজিক শ্রেণিভেদও জড়িত। দুপুরের অধিবেশনটির সভাপতি ছিলেন কথাসাহিত্যিক ও প্রকাশক নিয়াজ জামান। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি মেছবাহউদ্দীন আহমদ।
এর আগে সকালের অধিবেশনের আলোচনা আবর্তিত হয়েছে ‘আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সাহিত্য তুলে ধরা’ নিয়ে। কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, বাংলাদেশের সাহিত্যকে আন্তর্জাতিক ক্ষেত্রে পৌঁছে দিতে মানসম্মত বইয়ের ভালো অনুবাদ করে সেগুলো প্রকাশ করা প্রয়োজন। আরও প্রয়োজন বিশ্বব্যাপী ভালো বিতরণব্যবস্থা গড়ে তোলা।
সকালের অধিবেশনটির সভাপতি ছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা। স্বাগত বক্তব্য দেন সমিতির যুগ্ম নির্বাহী পরিচালক মোস্তফা সেলিম। ‘প্রকাশনার ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা’ সেমিনারে অংশ নেওয়া ভারতীয় অধ্যাপক ইমানুল হক বলেন, ভারতে বাংলাভাষীরা দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছেন। ইংরেজি বলতে পারলে জাতে ওঠেন। সেলিনা হোসেন বলেন, দেশি সাহিত্যকে বিশ্ববাজারে পৌঁছে দিতে সরকারি পর্যায়ে একটি অনুবাদ সেল গঠন করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তরুণ লেখক-প্রকাশকদের জন্য এই প্ল্যাটফর্ম কার্যকর ভূমিকা রাখতে পারে। এ পর্বে সঞ্চালনা করেন মিলন নাথ।