গুলিস্তান, পল্টন ও মতিঝিল এলাকায় হকার বসছেন নির্দিষ্ট সময়ে
মুক্ত ফুটপাত, নির্বিঘ্ন চলাচল, সহনীয় যানজট

গুলিস্তান, পল্টন ও মতিঝিলের দিনের বেলার চিরচেনা চিত্র বদলে গেছে। শুধু বদলে যায়নি, এই কাঙ্ক্ষিত পরিবর্তন টিকে আছে তিন মাস ধরে। এখন দরকার একে স্থায়ী রূপ দেওয়া।
এই চিত্র মুক্ত সড়ক ও মুক্ত ফুটপাতের। কী মুক্ত? হকারমুক্ত। তবে হকারদের জীবিকার ব্যবস্থাও আছে। তাঁরা পসরা নিয়ে বসবেন কর্মদিবসে সন্ধ্যা সাড়ে ছয়টায়। ছুটির দিনে বসতে পারবেন সারা দিন। তিন মাস ধরে তাঁরা এটা মোটামুটি মেনে আসছেন। সহযোগিতা করছেন নগরবাসীর স্বচ্ছন্দ চলাচলের, নিরুপদ্রব যাতায়াতের। নির্বিঘ্নে চলাচল করতে পেরে খুশি নগরবাসীও।
সক্রিয় আছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও (ডিএসসিসি)। প্রয়োজনীয় এই পরিবর্তন ধরে রাখতে টানা নজরদারি করে আসছে তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর। গত ১৫ জানুয়ারি থেকে গুলিস্তান ও আশপাশের এলাকার ফুটপাতে কর্মদিবসে দিনের বেলায় হকার বসা নিষিদ্ধ করে ডিএসসিসি।
সরেজমিনে দেখা গেছে, নির্দিষ্ট সময়ের ঘণ্টাখানেক আগেই হকাররা ফুটপাতে দোকান বসাতে থাকেন। বিকল্প জীবিকার ব্যবস্থা করার দাবিও আছে তাঁদের। আবার ফুটপাতে হকার বসিয়ে চাঁদাবাজির অভিযোগে ডিএসসিসির দায়ের করা মামলার ৭২ জন আসামি জামিনে মুক্তি পেয়েছেন। তাঁরা ফের ফুটপাতে চাঁদাবাজি ও কর্মদিবসে দোকান বসাতে তৎপরতা শুরু করেছেন।
এর মধ্যে গত ১৪ মার্চ পুনর্বাসন না করে ফুটপাত থেকে হকার উচ্ছেদ কার্যক্রম কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।
তবে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানালেন, পাঁচ বছর আগে ঢাকা শহরের ফুটপাত পথচারীবান্ধব করতে পৃথক নির্দেশনা দিয়েছিলেন উচ্চ আদালত। সে অনুযায়ী ফুটপাত মুক্ত করার অভিযান চলছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘এখন গুলিস্তান ও আশপাশের এলাকার ফুটপাত প্রায় শতভাগ হকারমুক্ত আছে। স্বাচ্ছন্দ্যে চলাচল করছেন পথচারীরা। সড়কেও নেই চিরচেনা যানজট। তাই এই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব।’
গত সোমবার সকাল ১০টা। ফুলবাড়িয়া, গুলিস্তান, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, পল্টন ও বায়তুল মোকাররম এলাকার ফুটপাত ফাঁকা। স্বচ্ছন্দে চলাচল করছেন পথচারীরা। সড়কেও তেমন যানজট নেই। তবে গুলিস্তান শপিং কমপ্লেক্স, জাতীয় গ্রন্থকেন্দ্র, বঙ্গবন্ধু পাতাল মার্কেট, সার্জেন্ট আহাদ পুলিশ বক্স, ঢাকা ট্রেড সেন্টার, গুলিস্তান ট্রেড সেন্টার ও সুন্দরবন মার্কেটের সামনে ঝুড়িতে জুতা, ফল, জামাকাপড়, শিশুদের খেলনাসহ বিভিন্ন পণ্য নিয়ে বিচ্ছিন্নভাবে বসেছেন ৩০ থেকে ৩৫ জন হকার। দরদাম করে কেনাকাটাও করছেন ক্রেতারা। আগে এ এলাকার ফুটপাতগুলোতে ১০ থেকে ১২ হাজার হকার বসতেন।

বেলা ১১টায় সেখানে অভিযান চালান ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব। সঙ্গে সঙ্গে ঝুড়ি মাথায় নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেন হকাররা। দুজন হকারের পণ্য জব্দ করা হয়। দুপুর ১২টায় মতিঝিল, দিলকুশা ও দৈনিক বাংলা এলাকার ফুটপাতে অভিযান চালানো হয়। তবে এই এলাকায় তেমন কোনো হকার ছিল না। বিকেল চারটার পর থেকে এলাকার সব ফুটপাত আস্তে আস্তে হকারদের দখলে চলে যেতে থাকে।
পথচারী আরিফ হোসেন ও তরিকুল ইসলাম বলেন, আগে গুলিস্তান ও পল্টনের গড়ে ৮০ শতাংশ ফুটপাত হকারদের দখলে ছিল। এতে পথচারীরা চলাচল করতে পারতেন না। সড়কেও তীব্র যানজট লেগে থাকত। এবার টানা উচ্ছেদে গুলিস্তান ও আশপাশের ফুটপাত ফাঁকা। শুরুর দিকে তো এই এলাকাগুলো অচেনা মনে হতো।
প্রায় একই কথা বলেছেন মতিঝিলের একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা নাজমুল আলম। তিনি বলেন, আগের তুলনায় ফুটপাতে হকার নেই বললেই চলে। তবে নির্দিষ্ট সময়ের আগে যাতে হকাররা ফুটপাতে বসতে না পারেন, সে ব্যবস্থা নিতে হবে। তা বাস্তবায়িত হলে ঢাকা শহর শৃঙ্খলায় ফিরে আসবে।
ঢাকা ট্রেড সেন্টার উত্তরের ব্যবসায়ী আলী আজম বলেন, হকারদের উচ্ছেদ করায় গুলিস্তানের মার্কেটগুলোর পরিবেশ অনেক সুন্দর হয়েছে। মার্কেটে বেচা-কেনাও বেড়েছে।
সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ সূত্র জানায়, ২০১৫ সালের মার্চ থেকে এ পর্যন্ত গুলিস্তান ও আশপাশের এলাকার ফুটপাত এবং সড়ক হকারমুক্ত রাখতে অন্তত ৫০ বার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কিন্তু হকাররা কয়েক ঘণ্টা পরই আবার পণ্যের পসরা নিয়ে বসে পড়তেন। এবার টানা অভিযানে সেই সুযোগ নেই। বরং ফুটপাত সংস্কার করে দৃষ্টিনন্দন করা হচ্ছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থপতি ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, ফুটপাতের সঙ্গে হকারদের কোনো সম্পর্ক নেই। ফুটপাতের শতভাগ অধিকার পথচারীর। তবে ঐতিহাসিকভাবে নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পথচারীর সঙ্গে হকারের সম্পর্ক আছে। তাঁরা স্বল্পমূল্যে ফুটপাত থেকে বিভিন্ন পণ্য কেনেন। এর মাধ্যমে হকাররা জীবিকা নির্বাহ করেন। তাই বিষয়টি পর্যালোচনা করে সরকারকে অঞ্চলভিত্তিক পরিকল্পিত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তা হলেই গুলিস্তানসহ শহরের ফুটপাত দখলমুক্ত রাখা যাবে।
২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এলাকার ফুটপাত ও সড়কের ওপর থেকে দোকানপাট তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। তবে তা এত দিন কার্যকর হয়নি। ২০১৬ সালের এপ্রিলে একনেকের সভায় সাপ্তাহিক ছুটির দিনে নির্দিষ্ট সময়ের জন্য এলাকাভিত্তিক সাপ্তাহিক বাজার এবং হকারদের স্থায়ী পুনর্বাসনের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে বহুতল মার্কেট নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রকৃত হকারদের শনাক্ত করতে তাঁদের ছবি ও ভিডিও রাখার সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে গত বছর ওই তিনটি থানা এলাকার ২ হাজার ৫০৬ জন হকারের তালিকা ও নগরের পৃথক পাঁচটি স্থানে সাপ্তাহিক বাজার চালু করে ডিএসসিসি।
পরে গত ২৬ অক্টোবর গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালায় ডিএসসিসি। ১৫ জানুয়ারি থেকে কর্মদিবসে নির্দিষ্ট সময়ের আগে গুলিস্তান ও আশপাশের এলাকায় হকার বসা নিষিদ্ধ করে ডিএসসিসি। এ সময় অধিকাংশ হকার এই সিদ্ধান্ত মেনে নেন। কিন্তু লাইনম্যানদের নেতৃত্বে কিছু হকার আন্দোলনে নামেন। ৯ ফেব্রুয়ারি ডিএসসিসির পক্ষ থেকে পল্টন, শাহবাগ ও মতিঝিল থানায় ৭২ জনকে আসামি করে তিনটি মামলা করা হয়। এই আসামিরা আদালত থেকে জামিন নিয়েছেন। আসামির অধিকাংশই সরকারদলীয় রাজনীতির সঙ্গে যুক্ত।
এর মধ্যে হকারদের পক্ষ থেকে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শুক্লা সারোয়াত সিরাজ। তিনি প্রথম আলোকে বলেন, একনেকের নির্দেশনা বাস্তবায়ন না করেই উচ্ছেদের কার্যক্রম শুরু করায় এর বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। এর মধ্যে গত ১৪ মার্চ জারি করা রুলে ডিএসসিসি ও সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়।
হকারদের পুনর্বাসনের বিষয়ে মেয়র সাঈদ খোকন বলেন, প্রকৃত হকারদের তালিকা অনুযায়ী শিগগিরই পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। এ ছাড়া কেউ বিদেশে অথবা দেশে চাকরি করতে চাইলে তাঁদের সহযোগিতা করবে ডিএসসিসি। কিন্তু কোনো ক্রমেই হকারদের ফুটপাতে বসতে দেওয়া হবে না।