মুক্ত বাতাস চায় শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের ঠিক পেছনের কৃষিজমিতে ইটভাটা। ইট পোড়ানোর কালো ধোঁয়া ও দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা। বাধ্য হয়ে গত সোমবার থেকে ক্লাস বর্জন শুরু করেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।অবৈধ ওই ইটভাটা বন্ধ করে মুক্ত বাতাসে লেখাপড়া করার সুযোগ দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা গতকাল বুধবার বিদ্যালয়ের মাঠে মানববন্ধন করে। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষকেরাও।গতকাল বেলা একটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাশে খোকসার মোড়াগাছা গ্রামে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ছাত্রছাত্রীরা হাতে হাত রেখে মাঠজুড়ে মানববন্ধন করছে। এ সময় শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘বুক ভরে মুক্ত বাতাসে শ্বাস নিতে চাই’, ‘ধুঁকে ধুঁকে মৃত্যু নয়, হয় মেরে ফেলুন, নয় বাঁচার মতো বাঁচাতে মর্জি হয়’, ‘ভাটার ধোঁয়া খাব না, অকালে মরব না’, ‘শিক্ষা আমাদের অধিকার, শিক্ষা থেকে আমাদের বঞ্চিত করো না’ ইত্যাদি।মানববন্ধনের সময়ও ইটভাটা দিয়ে উড়ছিল কালো ধোঁয়া। শিক্ষক ও গ্রামবাসীর ভাষ্যমতে, স্থানীয় প্রভাবশালী সেলিম হোসেন গত বছর ‘আনসার উদ্দিন ব্রিকস’ নামের ওই ইটভাটা তৈরি করেন। সেখানে বছরের প্রায় সাত মাস ইট বানানো হয়। ওই সময় ভাটার কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থী ও গ্রামের লোকজন। গত কয়েক দিনে বিদ্যালয়ের সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেয়। বিদ্যালয়ের শিক্ষার্থী নাসির আহমেদ, আশিক মাহমুদ, নুসরাত, সালমাসহ একাধিক শিক্ষার্থী জানায়, ইটভাটার কালো ধোঁয়া ও দুর্গন্ধে তাদের চোখ জ্বালাপোড়া করে। মাথা ও বুকে ব্যথা হয়। কষ্ট হয় শ্বাস নিতে। কয়েক দিন আগে তারা শ্রেণীকক্ষে বমি করে। মোড়াগাছা বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা আকতার বলেন, ‘ইটভাটায় একাধিক উচ্চ শব্দসম্পন্ন যন্ত্র চলে। ফলে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে মনোযোগ দিতে পারে না। কালো ধোঁয়ায় আমরাও অসুস্থ বোধ করি। নাক-মুখ চেপে ধরে ক্লাস নিতে হয়।’ ইটভাটা বন্ধের দাবিতে গত বছর ও গত ২৪ আগস্ট খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি দিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান বিদ্যালয়ের শিক্ষক সেলিম হোসেন।মোড়াগাছা গ্রামের ওই ইটভাটার ব্যাপারে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়ের রসায়নবিদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ইটভাটার মালিক অনুমোদনের জন্য খুলনা পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছেন। তবে এখনো অনুমোদন পাননি।’ এক প্রশ্নের জবাবে মিজানুর বলেন, পরিবেশ অধিদপ্তরের নিয়মানুসারে তিন কিলোমিটারের মধ্যে কোনো বসতি, বিদ্যালয় বা গাছপালা নেই এমন জায়গায় ইটভাটা করা যাবে। খোকসার ওই ইটভাটা ৩০০ গজের মধ্যে, যা নিয়মবহির্ভূত। তবে ইটভাটার মালিক সেলিম হোসেন দাবি করেন, কাগজপত্র নিয়েই ইটভাটার কাজ চলছে।এ ব্যাপারে জেলা প্রশাসক বনমালী ভৌমিক বলেন, খোকসার ইউএনও ঢাকায় প্রশিক্ষণে আছেন। ওই ইটভাটার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।