একাত্তরের ১৬ ডিসেম্বরের আগেই যেসব অঞ্চল মুক্ত হয়েছিল, কেমন ছিল সেসব অঞ্চলের পরিবেশ, মানুষের আবেগ-অনুভূতি? এ রকম ১৬টি এলাকার আনন্দ-বেদনার দিনলিপি গ্রন্থিত হয়েছে বিজয়ের মাস–এ
১৯৭১ সালের ১২ ডিসেম্বর রাতে সীতাকুণ্ড সদর হানাদারমুক্ত হয়। সীতাকুণ্ড সদর হানাদারমুক্ত হলেও ১৬ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত বাড়বকুণ্ড থেকে ভাটিয়ারী এলাকায় খণ্ড খণ্ড যুদ্ধ চলতে থাকে। সোনাইছড়ি ইউনিয়নের লালবেগ এলাকায় মুক্তিবাহিনীর একটি বাংকারে হানাদারের মর্টার শেলের আঘাতে সুবেদার আজিজ ও কিশোর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীসহ পাঁচজন শহীদ হন।
সীতাকুণ্ড হানাদারমুক্ত হওয়ার আগে ও পরের ঘটনাগুলো বললেন মুক্তিযোদ্ধা আলিম উল্ল্যাহ, নাজিম উদ্দীন, শাহআলম, আনু মিয়া, আলম বাদশা, প্রিয় গোপাল চৌধুরী, প্রত্যক্ষদর্শী মো. আমিন উল্ল্যাহ প্রমুখ।
কুমিরার বাসিন্দা অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তা মো. আমিন উল্ল্যাহ বলেন, ‘২৬ মার্চ সকালে চট্টগ্রামের হালিশহর থেকে কিছু ইপিআর সদস্য অস্ত্রশস্ত্র নিয়ে পালিয়ে কুমিরা স্কুলে এসে অবস্থান নেন। পরে আমাদের বাড়িতে এসে পুরোনো পোশাক দিয়ে সহযোগিতা করতে বলেন। আমি এলাকার পরিবারগুলো থেকে কিছু পোশাক নিয়ে তাঁদের হাতে দিয়ে পেছনে পেছনে কুমিরা স্কুলে যাই। বিকেলে ইপিআর সদস্যরা পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণের প্রস্তুতি নিলে কৌতূহলবশে তাঁদের বাংকার দেখতে যাই। আমার সঙ্গে আরও অন্তত ১০ জন ছেলে ছিল। পাকিস্তানি বাহিনী কুমিরা পৌঁছাতেই গুলি শুরু করেন ইপিআরের সদস্যরা। পাকিস্তানি বাহিনীও পাল্টা গুলি ছোড়ে। জীবন নিয়ে পালাতে পাহাড়ের দিকে দৌড়াতে থাকি। এ সময় এক পাকিস্তানি সেনা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আমার সঙ্গে থাকা সবাই প্রাণ হারান।’ সীতাকুণ্ড মুক্ত হওয়ার পর অন্যদের মতো তিনিও আনন্দ মিছিলে উল্লাস করেছেন।
মুক্তিযোদ্ধাদের কাছে জানা গেছে, ১৯৭১ সালের ২৬ মার্চ সীতাকুণ্ডে খবর এল কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বেলুচ রেজিমেন্টের সেনাবাহিনীর বিশাল বহর সীতাকুণ্ডের দিকে আসছে। খবর পেয়ে বাড়বকুণ্ডের শিল্পাঞ্চলের শ্রমিক-জনতা গাছ কেটে মহাসড়ক অবরোধ করে। বিকেলের দিকে পাকিস্তানি বাহিনী বাড়বকুণ্ড পৌঁছালে সাহসী যুবক বদিউল আলম বাদশা তাঁর হাতের লাঠি দিয়ে এক পাকিস্তানি সেনার অস্ত্র ছিনিয়ে নেন। পরে পাকিস্তানি সেনারা বেয়নেট দিয়ে খুঁচিয়ে তাঁকে নির্মমভাবে হত্যা করে। এ হত্যার খবর কুমিরায় পৌঁছালে ক্ষিপ্ত হয়ে জনতা গাছ কেটে মহাসড়ক অবরোধ করে। পাকিস্তানিদের সাঁজোয়া যান সেখানে পৌঁছাতেই কামাল উদ্দীন নামের এক ছাত্র পাকিস্তানি সেনাদের ইট নিক্ষেপ করে দৌড়ে পালানোর সময় সেনারা গুলি ছোড়ে। এতে শহীদ হন কামাল। পরে কুমিরা টিবি হাসপাতাল এলাকায় তৎকালীন ইপিআর সদস্যদের সঙ্গে পাকিস্তানি বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। আক্রমণ ও প্রতিরোধ চলতে থাকে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত।
৪ ডিসেম্বর মিরসরাইয়ের বারৈয়ারহাট থেকে মিত্রবাহিনী সীতাকুণ্ডের দিকে এগোতে থাকে। পিছু হটতে থাকে পাকিস্তানি হানাদাররা। ১২ তারিখ সীতাকুণ্ড সদরে সম্মুখযুদ্ধ হয়। রাতে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী সীতাকুণ্ড থানা ও উপজেলা সদর হানাদারমুক্ত করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তাদের নিয়ন্ত্রণে নেয়।