মুক্ত হয়েও হলো না মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ বছর পর সিদ্ধেশ্বরী বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাঠ খালি পেয়ে ব্যাট-বল নিয়ে নেমে পড়েছে শিক্ষার্থী ও মহল্লার কিশোরেরা l ছবি: মুসা আহমেদ
পাঁচ বছর পর সিদ্ধেশ্বরী বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাঠ খালি পেয়ে ব্যাট-বল নিয়ে নেমে পড়েছে শিক্ষার্থী ও মহল্লার কিশোরেরা l ছবি: মুসা আহমেদ

মগবাজার-মৌচাক উড়ালসড়কের নির্মাণসামগ্রী রেখে প্রায় পাঁচ বছর সিদ্ধেশ্বরী বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠটি দখল করে রেখেছিল তমা গ্রুপ। গত ২৬ অক্টোবর উড়ালসড়কটি উদ্বোধনের পর মালামাল সরিয়ে নিয়েছে তারা। গতকাল সোমবার মাঠটি বিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছে তারা।

কিন্তু মাঠের এক অংশে তমা গ্রুপের বানানো দোতলা ভবন অপসারণ করা হয়নি। আরেক অংশে বহাল আছে যুবলীগের কার্যালয়। স্থানীয় লোকজন বলেন, এই দুটি স্থাপনার কারণে মাঠটি মুক্ত হয়েও যেন হলো না।

তবু যেন প্রাণ ফিরে পেয়েছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও মহল্লার শিশু-কিশোরেরা। ব্যাট-বল নিয়ে মাঠে নেমে পড়েছে তারা।

সিদ্ধেশ্বরী বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বলেন, মাঠের জায়গা থেকে যুবলীগের কার্যালয় ও তমা গ্রুপের ভবনটি উচ্ছেদ করতে হবে। অন্যথায় ভবিষ্যতে জটিলতা বাড়ার পাশাপাশি মাঠটির সৌন্দর্য নষ্ট হবে।

তবে যুবলীগের কার্যালয়টি অপসারণের বিষয়ে কোনো মন্তব্য করেননি সিদ্ধেশ্বরী বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শেখ ফরিদুজ্জামান। তিনি বলেন, তমা গ্রুপের সঙ্গে কথা বলে ভবনটি রেখে দেওয়া হয়েছে। এ ভবনে শিক্ষকদের আবাসনের ব্যবস্থা করা হবে। কারণ, সিদ্ধেশ্বরীতে ভাড়া থাকার মতো সামর্থ্য অনেক শিক্ষকের নেই।

সিদ্ধেশ্বরী বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০১৩ সালের জানুয়ারিতে ৫০ হাজার টাকা মাসিক ভাড়ায় দুই বছরের জন্য এই মাঠটি নেয় তমা গ্রুপ। কিন্তু উড়ালসড়কের নির্মাণকাজ চলেছে প্রায় পাঁচ বছর। ফলে পরের তিন বছর ৮ লাখ ৪০ হাজার টাকা করে ভাড়া পেয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ২০১৭ সালের ভাড়া না নিয়ে দোতলা ভবনটি রেখে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। তমা গ্রুপ মাঠটিও সংস্কার করে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সিদ্ধেশ্বরীর একাধিক বাসিন্দা বলেন, তমাকে ভাড়া দেওয়ার কিছুদিন পর মাঠের সামনের একাংশ দখল করে কার্যালয় তৈরি করে ১৯ নম্বর ওয়ার্ড যুবলীগ। এখনো সেটি বহাল আছে। এই কার্যালয়ে চলা কর্মকাণ্ড নিয়ে মহল্লাবাসীর নানা অভিযোগ আছে। 

সিদ্ধেশ্বরী রোডের দক্ষিণ পাশে সিদ্ধেশ্বরী বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়, উত্তরে খেলার মাঠ। গতকাল গিয়ে দেখা যায়, মাঠটির সামনে দক্ষিণ-পশ্চিম কোণে চার কক্ষের যুবলীগের কার্যালয়। তবে কার্যালয়টির ভেতরে সংগঠনটির কাউকে পাওয়া যায়নি। মাঠের উত্তর পাশে তমা গ্রুপের ওই দ্বিতল ভবন। ফাঁকা এই ভবনটিতে ৭টি করে ১৪টি কক্ষ আছে।

মাঠের আরেক কোণায় ওয়াসা পানির পাম্প বসিয়েছে। আড়াই বছর আগে এই পাম্প বসানো হয়। স্কুল কর্তৃপক্ষ বলছে, এ ব্যাপারে ওয়াসা তাদের কোনো অনুমতি নেয়নি। 

মাঠে পৃথক ছয়টি দলে ভাগ হয়ে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন খেলছে মহল্লার শিশু-কিশোরেরা। অনেক শিশু মাঠে ঘোরাঘুরি করছে। মাঠটি সিদ্ধেশ্বরী রোড থেকে প্রায় ৪ ফুট উঁচু করে সংস্কার করা হয়েছে।

সিদ্ধেশ্বরী রোডে থাকে তন্ময় ইসলাম। সে সিদ্ধেশ্বরী বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তন্ময় বলে, এত দিন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা বাধাগ্রস্ত হয়েছে। এখন নিজেদের মাঠে খেলাধুলা করে অনেক ভালো লাগছে।

সিদ্ধেশ্বরী এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন। এই ওয়ার্ডের কাউন্সিলর মুন্সি কামরুজ্জামান সিদ্ধেশ্বরী বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। তিনি ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগেরও নেতা ছিলেন। মাঠের ভেতর থেকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে কামরুজ্জামান বলেন, মাঠটি সংস্কারের সময় এই কার্যালয় সরিয়ে নিতে তাদের বলা হয়েছিল। কিন্তু তারা তা সরাচ্ছে না। আর তমা গ্রুপের ওই ভবনটিতে বিদ্যালয়ের কিছু শিক্ষকের আবাসনের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আগে মাঠটি ফাঁকা থাকা অবস্থায় এর ভেতর অনেক গাড়ি পার্ক করত। ভাসমান লোকজন বসতি গড়েছিল। রাতে বসত মাদকসেবীদের আড্ডা। এখন এই ভবনটিতে শিক্ষকেরা থাকলে মাঠটি নিরাপদ থাকবে।