নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী
মুক্তচিন্তার নামে ধর্মের বিরুদ্ধে কিছু লেখাটা যেন ফ্যাশন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের দিনে মুক্তচিন্তার নামে ধর্মের বিরুদ্ধে কিছু একটা লিখে দেওয়াই যেন ফ্যাশনে পরিণত হয়েছে। এসব লেখনীকে মুক্তচিন্তার না বলে নিম্নমানের লেখনী হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এগুলো গ্রহণযোগ্য নয় এবং সরকারও কোনোভাবে এসবের দায়দায়িত্ব নেবে না।
গত বৃহস্পতিবার সকালে গণভবনে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে এ সময় তিনি দেশের আরও উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে বসবাস করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকা একটি বড় বিষয়। এটা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। দেশ এ পর্যন্ত যতটুকু এগোতে পেরেছে, তা কেবল সম্ভব হয়েছে দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকায়। তিনি বলেন, গত এক বছর দেশে শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকায় জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক শূন্য ৫ শতাংশের বেশি ও মাথাপিছু আয় ১ হাজার ৪৬৬ ডলারে দাঁড়িয়েছে।
শেখ হাসিনা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীও এখন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বাংলা নববর্ষ উদ্যাপন করছে। পয়লা বৈশাখ উদ্যাপনে কোনো ধর্মীয় বাধানিষেধ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বুঝি না কেন কেউ কেউ পয়লা বৈশাখ উদ্যাপনে বাধা সৃষ্টির চেষ্টা করে এবং তারা আদৌ কোনো ধর্মের অনুসারী কি না আমার সন্দেহ রয়েছে।’
চিরাচরিত এ উৎসবকে ধর্মের সঙ্গে মিলিয়ে ফেলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যারা ধর্মের নামে এসব উৎসব উদ্যাপন বন্ধের হুমকি দেয়, প্রকৃতপক্ষে তারা ধর্মকেই অবমাননা করে। ধর্মের নামে বাড়াবাড়ি করে এদের কেউ কেউ বোমা মেরে মানুষ পর্যন্ত হত্যা করেছে এবং হত্যার হুমকি দিচ্ছে। তারা আসলে আমাদের শান্তির ধর্ম ইসলামকে ক্ষতিগ্রস্ত করে অন্যদের এ সম্পর্কে কথা বলার সুযোগ করে দিচ্ছে।’
শেখ হাসিনা বলেন, অনন্তকাল ধরে এ দেশের মানুষ ধর্মীয় আচার-অনুষ্ঠান, রীতিনীতি যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করে আসছে। এর অংশ হিসেবে বাঙালি জাতি বৈশাখের প্রথম দিনটি বাংলা নববর্ষ হিসেবে উদ্যাপন করে আসছে। যদিও অনেকেই একে ভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করার চেষ্টা করে থাকেন। তিনি বলেন, ‘আমরা মুসলিম ও বাঙালি এবং আমাদের ভুলে গেলে চলবে না, আমরা মুক্তিযুদ্ধ করেই বিজয় অর্জন করেছি। তার মানে এই নয় যে আমরা বাঙালি হলেই আর মুসলিম থাকতে পারব না।’
মুক্তিযোদ্ধাদের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: পয়লা বৈশাখ উপলক্ষে দেশের মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে ফুল, ফল ও মিষ্টি পাঠান। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-১ জাহাঙ্গীর আলম, এপিএস-২ সাইফুজ্জামান শিখর ও প্রটোকল অফিসার খুরশীদ-উল-আলম বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে এসব হস্তান্তর করেন।