মুক্তচিন্তার মানবিক সমাজ গড়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তচিন্তার মানবিক সমাজ গড়ার অঙ্গীকার’ নিয়ে উদ্যাপিত হলো ‘মুক্তির উৎসব-২০১৬’। মাথায় লাল-সবুজের টুপি আর কণ্ঠে মুক্তির গান নিয়ে সারা দেশের কয়েক হাজার শিক্ষার্থী এই উৎসবে অংশ নেয়। গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ জাদুঘর অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল নয়টায় ছায়ানটের জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু। স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী।
এরপর কুষ্টিয়ার মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম আগত শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান।
শুভেচ্ছা বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘এখন বাংলাদেশ সারা পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াচ্ছে। এই দেশের চার কোটি শিশু স্কুলে যায়। তোমরা যদি মুক্তিযুদ্ধকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, তাহলে মন দিয়ে পড়ালেখা করতে হবে।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযুদ্ধে হেরে যাওয়া শক্তি এখনো সক্রিয়। দরকার হলে আবারও যুদ্ধ করব, কিন্তু যুদ্ধের পরাজিত শক্তিকে বিজয়ী হতে দেওয়া হবে না।’
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের আরেক ট্রাস্টি মফিদুল হক বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন রফিকুল ইসলাম।