মুক্তচিন্তার মানুষ হত্যায় উদ্বেগ ৪১ নাগরিকের
দেশের ৪১ জন বিশিষ্ট নাগরিক এক যৌথ বিবৃতিতে একের পর এক প্রগতিশীল মুক্তমনা চিন্তার অনুসারীদের হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান।
গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বলেন, ‘গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে ব্লগার রাজীব হতে শুরু করে একের পর এক প্রগতিশীল ব্যক্তিকে হত্যা করা হচ্ছে। এ তালিকায় সর্বশেষ সংযোজন সিলেটের অনন্ত বিজয় দাশ। আমরা আরও জানতে পেরেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি আবুল বারকাতকে বিজ্ঞানমনস্ক চিন্তার জন্য সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে। উগ্রবাদী গোষ্ঠী আরও ৮৫ জন প্রগতিশীল ব্যক্তিকে হত্যার জন্য তালিকাভুক্ত করেছে।’
বিবৃতিতে বলা হয়েছে, অভিজিতের মতো অনন্ত বিজয়কেও প্রকাশ্য দিবালোকে জনসমক্ষে হত্যা করা হয়েছে এবং হত্যাকারীরা নির্বিবাদে স্থান ত্যাগ করেছে। এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। উগ্রবাদীদের দমনে সরকারের কাছে আরও সক্রিয় ও দৃঢ়চিত্ত পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন তাঁরা।
বিশিষ্ট নাগরিকেরা সহিংস উগ্রবাদী গোষ্ঠী যারা নিজেদের আল-কায়েদার সঙ্গে যুক্ত বলে দাবি করে, তাদের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিবৃতিদাতাদের মধ্যে আছেন: অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক অজয় রায়, কে এম সফিউল্লাহ, অজয় রায়, শওকত আলী, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, শামসুজ্জামান খান, ডা. সারওয়ার আলী, অধ্যাপক হায়াৎ মামুদ, পান্না কায়সার, রামেন্দু মজুমদার, অধ্যাপক রশিদ-ই-মাহবুব, অধ্যাপক এম এম আকাশ প্রমুখ।