মুক্তধারার ২৫তম বার্ষিকীতে ওবামার অভিনন্দন
নিউইয়র্কভিত্তিক শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস থেকে পাঠানো ওবামার ব্যক্তিগত স্বাক্ষরসংবলিত এক চিঠিতে এই অভিনন্দন জানানো হয়।
চিঠিতে প্রেসিডেন্ট ওবামা মুক্তধারার ২৫তম বার্ষিকী উদ্যাপনে নিজের ব্যক্তিগত সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, দীর্ঘ সময় ধরে এই সংগঠন এক গর্বিত ঐতিহ্য বহন করে চলেছে। তিনি বলেন ‘আমাদের বিশ্বকে কীভাবে পরিবর্তন করা সম্ভব, তার রূপচিত্র মনে ধারণ করে ও তা বাস্তবায়নের জন্য অবিরাম কাজ করে যাওয়ার মাধ্যমে মুক্তধারা এক উন্নত আমেরিকা বাস্তবায়নে সাহায্য করছে।’
প্রেসিডেন্ট ওবামা উল্লেখ করেন, আমেরিকার ইতিহাস শুধু রাষ্ট্রপতি বা সামরিক জেনারেলরাই রচনা করেন না। সাধারণ মানুষ যখন একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে নিজেদের স্বপ্ন পূরণের লক্ষে৵ একযোগে কাজ করে, তখন তাদের পক্ষেও ইতিহাস রচনা করা সম্ভব। বাংলাদেশি-আমেরিকানদের মধ্যে মুক্তধারার কাজের মধ্যে সে কথার প্রতিফলন রয়েছে।
মুক্তধারার যাত্রা শুরু ১৯৯১ সালে। স্বেচ্ছাসেবী এই সংগঠনটি উত্তর আমেরিকার বাংলা ভাষাভাষীদের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রচার ও প্রসারে নিয়োজিত। নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন ও প্রতিবছর আন্তর্জাতিক বাংলা উৎসব ও বাংলা বইমেলা এই সংগঠনের কার্যাবলির অন্তর্গত।