
চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো তারুণ্য উৎসব ২০১৪’। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
তারুণ্য উৎসবে চট্টগ্রামের ১৬টি বিদ্যালয়, আটটি কলেজ ও ১২টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে। উৎসবে রয়েছে বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক জহির উদ্দিন আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, পৃথিবীকে পাল্টে দেওয়ার ক্ষমতা একমাত্র তরুণদের হাতেই আছে। তারাই পারে অসাম্প্রদায়িক, ক্ষুধামুক্ত, বৈষম্যহীন পৃথিবী গড়ে তুলতে। তরুণদের নিয়মিত মুক্তবুদ্ধি চর্চারও আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি সাফিয়া গাজী রহমান বলেন, তরুণেরা শুধু আমাদের ভবিষ্যৎই নয়, তারা হচ্ছে জাগরণ। কনফিডেন্স সিমেন্টের নির্বাহী পরিচালক জহির উদ্দিন আহমদ যুক্তির লড়াইয়ের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। তিনি বলেন, শুধু পুস্তকে সীমাবদ্ধ না থেকে এ প্রজন্ম যেন জীবন-জগৎটাকে চিনতে পারে, এ উদ্দেশ্যেই তারুণ্য উৎসবের আয়োজন করা হয়।
উদ্বোধন শেষে উৎসবের প্রথম দিন অনুষ্ঠিত হয় বিদ্যালয় ও কলেজের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে কলেজ পর্যায়ে চূড়ান্ত পর্বে স্থান করে নেয় সরকারি হাজী মোহাম্মদ মুহসীন কলেজ ও চট্টগ্রাম বিজ্ঞান কলেজ। আর বিদ্যালয় পর্যায়ে চূড়ান্ত পর্বে উঠেছে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় ও কলকাকলি উচ্চবিদ্যালয়।
আজ শুক্রবার উৎসবের দ্বিতীয় দিন দুপুরে শিল্পকলা একাডেমীর মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা। আগামীকাল শনিবার বিকেলে উৎসবের শেষ দিনে শিল্পকলার মুক্তমঞ্চে বসবে বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আসর।