মুক্তবুদ্ধির মানুষ হত্যাকারীদের জায়গা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসো দুঃখ, ধ্বংস, মৃত্যু মাড়িয়ে প্রাণের পানসি সাজাই’ স্লোগানে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জে উন্মেষ সাংস্কৃতিক সংসদের ২৫ বছর পূর্তি উৎসব শুরু হয়েছে। জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে দুই দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল।
উৎসবের আলোচনা পর্বে সুলতানা কামাল বলেন, ‘বাংলাদেশের মাটি যে দুর্জয় ঘাঁটি, তা বুঝে নিক দুর্বৃত্তরা। এ দেশে ত্বকী হত্যাকারীদের কোনো জায়গা নেই। ওয়াশিকুর ও অভিজিৎ হত্যাকারীদের জায়গা নেই। এ দেশে মুক্তবুদ্ধির মানুষ হত্যাকারী কোনো শক্তির জায়গা নেই। দুর্বৃত্তদের এ দেশ থেকে উৎখাত করবই করব।’
উন্মেষের সভাপতি শরৎ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম জাতীয় পতাকার রূপকার শিব নারায়ণ দাস, উন্মেষের উপদেষ্টা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মনি সুপান্থ।
জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করে ২৫ বছর পূর্তি উৎসবের উদ্বোধন করেন শিব নারায়ণ দাস। অনুষ্ঠান পরিচালনা করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ। এ সময় আরও উপস্থিত ছিলেন খেলাঘর নারায়ণগঞ্জ জেলা সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, মহিলা পরিষদের সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, মহিলা পরিষদের সাবেক সভাপতি রীনা আহমেদ, উন্মেষের উপদেষ্টামণ্ডলীর সদস্য রাশিদা আক্তার প্রমুখ।
উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কণ্ঠমালা আবৃত্তি সংগঠন ও অর্চনা একাডেমী।