মুক্তমনাদের একাত্তরের মতোই হত্যা করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একাত্তরে যে শকুনেরা জাতীয় পতাকা খামচে ধরেছিল, তা এখনো আমরা সম্পূর্ণভাবে মুক্ত করতে পারিনি। এখনো মুক্তমনাদের নৃশংসভাবে একাত্তরের মতোই হত্যা করা হচ্ছে, একাত্তরের মতো এখনো আঘাত হানার চেষ্টা চলছে। এদের চিহ্নিত করতে হবে। আমাদের সচেতন থাকতে হবে, যাতে এরা প্রভাব বিস্তার করতে না পারে।’

আজ সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ রুখে দাঁড়াও আয়োজিত পতাকা মিছিলে বক্তারা এ প্রত্যয় ব্যক্ত করেন। পতাকা মিছিলে নানা বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোর অংশ নিয়েছে। সবার হাতে হাতে ছিল লাল-সবুজ পতাকা। মিছিলে ছিল দেশাত্মবোধক গান ও স্লোগান। সবাই সেই সংগীতে গলা মিলিয়েছেন। মিছিলে বিশিষ্টজনেরাও ছিলেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, এমন এক সময় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে, যখন বুদ্ধিজীবীদের হত্যাকারীদের বিচার হচ্ছে এ দেশে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তিনি। তিনি বলেন, মৌলবাদী ও জঙ্গিরা এ দেশের মুক্তবুদ্ধির চিন্তার মানুষ ও বুদ্ধিজীবীদের হত্যার হুমকি দিচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় মানুষ অগ্রসর হলে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদকে অপসারণ করা যাবে।

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, একাত্তরে গণহত্যার নীলনকশার অংশ ছিল এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করা। একাত্তরে যে শকুনেরা জাতীয় পতাকা খামচে ধরেছিল, তা এখনো আমরা সম্পূর্ণভাবে মুক্ত করতে পারিনি। এখনো মুক্তমনাদের নৃশংসভাবে একাত্তরের মতোই হত্যা করা হচ্ছে, একাত্তরের মতো এখনো আঘাত হানার চেষ্টা করছে। এদের চিহ্নিত করতে হবে। আমাদের সচেতন থাকতে হবে যাতে এরা প্রভাব বিস্তার করতে না পারে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রক্তে রঞ্জিত পতাকা সমুন্নত রাখতে হবে।
মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, আজ যেমন শোকের দিন, তেমনি প্রত্যয় নেওয়ারও দিন। আমাদের এই পতাকার জন্য ৩০ লাখ মানুষ জীবন দিয়েছিলেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই পতাকা তরুণদের হাতে সমুন্নত থাকবে চিরকাল।
নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, এই দিনে সন্তুষ্টির জায়গা হচ্ছে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে কয়েকজনের সাজা কার্যকর হয়েছে। এতে শহীদদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে।
বাংলাদেশ রুখে দাঁড়াও সংগঠনের অন্যতম আহ্বায়ক অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা আরও ছড়িয়ে দিতে এই আয়োজন। এ ছাড়া আমরা চাই শহীদ বুদ্ধিজীবীদের হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত দুই আসামি আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হোক। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত সবার বিচার হোক—এ দাবি জানান তিনি।
পতাকা মিছিলে সবার হাতে ছিল লাল-সবুজ পতাকা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনীতে গিয়ে শেষ হয়। সমাপনী বক্তব্য দেন সুলতানা কামাল।