মুক্তমনের মানুষের এক মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ কবি, কেউ সাহিত্যিক; কেউ আবার সাংবাদিক। তবে সাধারণ পরিচয় একটাই: লেখক; মুক্ত মনের মানুষ তাঁরা। মাগুরায় তাঁদের নিয়ে প্রথমবারের মতো লেখক সমাবেশ অনুষ্ঠিত হলো।

গতকাল শুক্রবারের দিনব্যাপী এ মিলনমেলায় শতাধিক কবি, সাহিত্যিক, লেখক ও সাংবাদিক অংশ নেন। তাঁরা বললেন, বাঙালি চেতনার মূল শক্তি সাহিত্য। এ কারণে কবি, সাহিত্যিক, লেখকেরাই বারবার আক্রান্ত হয়েছেন। তবে যেকোনো পরিস্থিতিতে লেখকদের মাতৃভূমি এবং বাঙালি চেতনা প্রশ্নে একত্রিত হতে হবে।

মাগুরা শহরের নোমানী ময়দানের আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত এ লেখক সমাবেশের আয়োজনে ছিল লেখক সমাবেশ আহ্বায়ক কমিটি। সমাবেশ উপলক্ষে সকালে স্থানীয় নোমানী ময়দান থেকে শোভাযাত্রা বের হয়। পরে নোমানী ময়দানে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, মুক্ত আলোচনা, স্মৃতিচারণা, স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য আড্ডা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন লেখক সমাবেশের আহ্বায়ক কবি বিকাশ মজুমদার। প্রধান অতিথি ছিলেন প্রবীণ শিক্ষক খান জিয়াউল হক। স্বাগত বক্তব্য দেন সমাবেশের সমন্বয়কারী কবি এম মনির উজ জামান। অন্যদের মধ্যে চিকিৎসক, লেখক ও গবেষক আব্দুল্লাহেল কাফী, কবি ও সাংবাদিক শামীম আহমেদ খান, কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাংবাদিক সরদার ফারুক আহমেদ প্রমুখ আলোচনায় অংশ নেন।

আয়োজকেরা বলছেন, সাহিত্য সমাবেশ সচরাচরই হয়ে থাকে। তাঁরা তা না করে লেখক সমাবেশ করলেন বিশেষ লক্ষ্যে। সেটি হলো, স্থানীয় পর্যায়ের সব কবি, সাহিত্যিক, লেখক ও সাংবাদিকদের এক মঞ্চে নিয়ে আসা। সে লক্ষ্য পূরণ হয়েছে।