মুক্তা ও জিহাদকে সন্তানের মতো পালন করতে চান অনেকে
ঝিনাইদহে মা-বাবা হারানো শিশু মুক্তা (১১) ও জিহাদের (৬) লালন-পালনের দায়িত্ব নিতে ও সহযোগিতা করতে হূদয়বান অনেক ব্যক্তি আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে সমাজকল্যাণ মন্ত্রণালয় শিশু দুটির আশ্রয়ের ব্যবস্থা করতে ঝিনাইদহের সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে নির্দেশ দিয়েছে।গত মঙ্গলবার ঝিনাইদহ শহরের আরাবপুর পুকুরপাড় এলাকায় মুক্তা ও জিহাদের দরিদ্র বাবা ইজাজুল হক তাদের মা সোনিয়া আক্তারকে কুপিয়ে হত্যা করেন। পরে ইজাজুল নিজেও আত্মহত্যা করেন। এ নিয়ে গত বুধবার প্রথম আলোয় ‘দুই ভাইবোন ঘুম থেকে উঠে দেখে বাবা-মায়ের লাশ!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিভিন্ন স্থান থেকে অনেক ব্যক্তি প্রথম আলোর এই প্রতিনিধি ও শিশু দুটির স্বজনদের সঙ্গে কথা বলে মুক্তা ও জিহাদের লালন-পালনের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। অনেকে নিজের সন্তানের মতো মুক্তা ও জিহাদকে লালন-পালন করবেন বলে জানান। আবার অনেকে প্রতি মাসে আর্থিক সহযোগিতার কথাও বলেন।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস ঝিনাইদহের সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুরাজ দেবনাথকে নির্দেশ দেন শিশু মুক্তা ও জিহাদের থাকার ব্যবস্থা নিশ্চিত করতে। সচিবের নির্দেশের পরিপ্রেক্ষিতে মুক্তার জন্য ঝিনাইদহ শিশুপরিবার ও জিহাদের জন্য কুষ্টিয়া শিশুপরিবারে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাদের থাকা-খাওয়া, পড়াশোনা, জামাকাপড় ও চিকিৎসার সুবিধা দেওয়া হবে। উপপরিচালক সুরাজ দেবনাথ জানান, পরিবারের পক্ষ থেকে শিশু দুটিকে তাঁদের কাছে দেওয়া হলে তাঁরা পরবর্তী পদক্ষেপ নেবেন।মুক্তা ও জিহাদ বর্তমানে তাদের চাচা ঝিনাইদহ ঝিনুকমালা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রেজাউল শেখের কাছে রয়েছে। গতকাল শুক্রবার আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখা গেছে, শিশু দুটি এখনো অবাক নয়নে তাকিয়ে আছে। আশ্রয়ণ প্রকল্পে চাচার বাড়িতে আসা মানুষগুলোর মধ্যে তাদের মা-বাবাকে খুঁজছিল।রেজাউল শেখ জানান, গতকাল বিকেলে তাঁর ভাই ইজাজুল হক ও ভাবি সোনিয়া আক্তারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি অন্য সব আত্মীয়ের সঙ্গে আলোচনা করে মুক্তা ও জিহাদের লালন-পালনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।রেজাউল শেখ জানান, তাঁর আর্থিক অবস্থাও ভালো নয়। মুক্তা ও জিহাদের জন্য ভালো অভিভাবক পেলে লালন-পালনের দায়িত্ব তাঁদের কাছে তুলে দিতে পারেন।