মুক্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পাঁচ দিনের রিমান্ড আবেদন
নোয়াখালীতে বেসরকারি-ভাবে প্রাক্-প্রাথমিক বিদ্যালয় স্থাপনের নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া ‘মুক্তা সমাজ কল্যাণ ফাউন্ডেশন’-এর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার ওরফে মুক্তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে।গতকাল রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম থানার উপপরিদর্শক আবদুল হাই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সদর বিচারিক হাকিমের আদালতে ওই আবেদন করেন। আবদুল হাই গতকাল রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, মুক্তা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের অভিযুক্ত নির্বাহী পরিচালক আয়েশা আক্তারকে গ্রেপ্তারের পর বিভিন্ন এলাকা থেকে অসংখ্য লোক ফোন করে এবং সরাসরি থানায় এসে তাঁদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন। এ ছাড়া গত দুই দিনে মামলার প্রাথমিক তদন্তে অভিযুক্ত আয়েশা আক্তারের বিরুদ্ধে প্রাক্-প্রাথমিক বিদ্যালয় স্থাপনের নামে বিভিন্নজনের কাছ থেকে প্রতারণা করে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে জানান এই তদন্ত কর্মকর্তা। মুক্তা সমাজ কল্যাণ ফাউন্ডেশন ২০০৯ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে রেজিস্ট্রেশন নিয়ে প্রাক্-প্রাথমিক বিদ্যালয় স্থাপনের নাম করে নির্বাহী পরিচালক আয়েশা আক্তার সংস্থার লোকজনের মাধ্যমে বেকার তরুণ-তরুণীদের প্রলুব্ধ করে লাখ লাখ টাকা নেন। এ নিয়ে শনিবার প্রথম আলোয় ‘প্রাক্-প্রাথমিক বিদ্যালয় স্থাপনের নামে প্রতারণা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।