মুক্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া ‘মুক্তা সমাজ কল্যাণ ফাউন্ডেশন’-এর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার ওরফে মুক্তার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত নারীরা।গতকাল সোমবার বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচি শেষে নারীরা তাঁদের দাবি-দাওয়াসংক্রান্ত একটি সঞ্চারকলিপি জেলা প্রশাসকের কার্যালয়ে পেশ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সোয়া একটার দিকে মুক্তা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতারণার শিকার বেশ কিছু নারী নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন। এর পর তাঁরা সেখানে প্রায় আধঘণ্টা ধরে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের বিচারের দাবিসংবলিত ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।প্রতারণার শিকার নারী আরমান আক্তার মর্জিনা প্রথম আলোকে বলেন, মুক্তা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আয়েশা আক্তার প্রাক্-প্রাথমিক বিদ্যালয় স্থাপনের নাম করে নোয়াখালী সদরসহ বিভিন্ন উপজেলার প্রায় চার হাজার নারী ও পুরুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এর ফলে বেকার তরুণ-তরুণীরা বর্তমানে সর্বস্বান্ত হয়ে পড়েছেন।