মুক্তাগাছায় ছিনতাই হওয়া আসামিরা গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের মুক্তাগাছায় পুলিশের দুই কর্মকর্তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে দুই আসামি ছিনতাইয়ের ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতভর অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করলেও ছিনতাই হওয়া আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছা উপজেলায় বন বিভাগের প্রায় ৭০টি মামলা রয়েছে। ওই সব মামলার আসামিদের ২৫ জন গোগাই ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা। সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহীনুর রহমান ও রেজানুর রহমান গত বুধবার দুপুরে মোটরসাইকেলে চড়ে চানপুর গ্রামে যান। গ্রামে ঢুকে প্রথমে তাঁরা বন বিভাগের মামলার আসামি জুলহাস ও বাবুলকে পেয়ে গ্রেপ্তার করেন। তখন বন বিভাগের মামলার ১৫ থেকে ২০ জন আসামি লাঠিসোঁটা, দা ও রামদা নিয়ে ওই দুই কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালান। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তাঁদের আহত করে জুলহাস ও বাবুলকে নিয়ে পালিয়ে যান আসামিরা। স্থানীয় লোকজন আহত দুই এএসআইকে উদ্ধার করেন। পরে মুক্তাগাছা থানা-পুলিশের একটি দল শাহীনুর ও রেজানুরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় আহত এএসআই শাহীনুর বাদী হয়ে বুধবার রাতেই মুক্তাগাছা থানায় একটি মামলা করেন। ওই রাতেই চানপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশের ওপর হামলাকারী সন্দেহে এক নারীসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।