মুক্তাগাছায় রাজনীতি থেকে সরে দাঁড়ালেন বিএনপির দুই নেতা
ময়মনসিংহের মুক্তাগাছায় বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ালেন দুই নেতা। মুক্তাগাছায় কর্মরত সাংবাদিকদের কাছে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে তাঁরা এ সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগ করা দুই নেতা হলেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সদস্য ও মুক্তাগাছা উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান খান এবং মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি ও মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র মানছুরুর রহমান খান।
হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কোনো রাজনৈতিক দলের প্রতি ক্ষোভ থেকে নয়। দেশের রাজনীতিতে যে সহিংসতা তা আমি মেনে নিতে না পেরে ব্যক্তিগত কারণে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছি।’ তিনি বলেন, গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
মানছুরুর রহমান খান প্রথম আলোকে বলেন, ‘আমার যথেষ্ট বয়স হয়েছে। তাই রাজনীতি থেকে অবসর নিয়েছি। এ ছাড়া অন্য কোনো কারণ নেই।’