মুক্তাগাছায় শিশু ফরহাদ হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে শিশু ফরহাদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের কারাগারে নিয়ে যাওয়ার জন্য পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। ছবিটি গতকাল জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তোলা l প্রথম আলো
ময়মনসিংহে শিশু ফরহাদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের কারাগারে নিয়ে যাওয়ার জন্য পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। ছবিটি গতকাল জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তোলা l প্রথম আলো

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি গ্রামের শিশু ফরহাদ (৮) হত্যা মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড ও অপর একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-২-এর বিচারক জহিরুল কবির এ রায় ঘোষণা করেন।
এ রায়ের আগের দিন গত রোববার সিলেটের সবজি বিক্রেতা শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) ও খুলনার মোটর গ্যারেজের কর্মী শিশু রাকিব (১২) হত্যার পৃথক দুই মামলাতে মোট ছয়জনের ফাঁসির আদেশ দেন পৃথক দুই আদালত।
ময়মনসিংহের আদালত পরিদর্শক মো. নওজেশ আলী গতকাল শিশু ফরহাদ হত্যা মামলার রায় ঘোষণার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাহেব আলী, আবদুল কুদ্দুছ, মো. ইব্রাহীম, আবদুল মজিদ, মুনতাজ আলী ও মো. জুয়েল। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন আসামি কমলা খাতুন।
মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত ফরহাদের বাবা ও এলাকাবাসী। তাঁরা রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি গ্রামের আইয়ুব আলীর সঙ্গে প্রতিবেশী সাহেব আলী, আবদুল কুদ্দুছসহ দণ্ডপ্রাপ্ত ওই আসামিদের জমিজমা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে ২০১০ সালের ৪ মে আইয়ুব আলীর ছেলে শিশু ফরহাদকে হত্যা করেন তাঁর প্রতিপক্ষের লোকজন। ফরহাদ খেরুয়াজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
ফরহাদকে লিচু খাওয়ানোর লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়েছিলেন আসামি কুদ্দুছ। পরে ফরহাদকে দুই হাত কেটে ও কুপিয়ে হত্যার পর লাশ কাঠের বাক্সে ঢুকিয়ে বাড়ির পাশে জলাশয়ে ফেলে রাখা হয়। এরপর বহু খোঁজাখুঁজি করেও ফরহাদকে পায়নি তার পরিবার। দুদিন পর লাশ পচে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসী ওই জলাশয় থেকে লাশটি উদ্ধার করেন।
ওই ঘটনায় আইয়ুব আলী বাদী হয়ে ওই বছরই ৬ মে মুক্তাগাছায় থানায় ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্তে ছয় আসামিকে অব্যাহতি দিয়ে পরের বছর ২০১১ সালের মার্চে মামলাটির অভিযোগপত্র দাখিল করা হয়।