মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মুক্তাগাছার আট আসামির বিরুদ্ধে অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা, আটকসহ আনুষ্ঠানিক আটটি অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।
আসামিদের বিরুদ্ধে এসব অভিযোগ আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে ১৭ অক্টোবর আদেশের দিন রেখেছেন মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আজ রোববার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।
গত ২৬ জুলাই রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিলের জন্য ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। এর ধারাবাহিকতায় আজ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (প্রসিকিউটর) আবুল কালাম আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।
আট আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা চার আসামি হলেন রেজাউল করিম ওরফে আক্কাস মৌলভি, এ বি এম ইউনুস আলী ওরফে ইউনুস মৌলভি, ইউসুফ আলী ওরফে এ কে এম ইউসুফ আলম ও ওমর ফারুক। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। আর পলাতক অপর চার আসামি হলেন এ কে এম বেলায়েত হোসেন, মো. নাসিরউদ্দিন, কাজী বদরুজ্জামান ও মো. ইসমাইল।
প্রসিকিউটর আবুল কালাম প্রথম আলোকে বলেন, আট আসামির মধ্যে কাজী বদরুজ্জামান ওরফে মোশফিকুর রহমান ওরফে চান কাজী স্থানীয় রাজাকার কমান্ডার ছিলেন। অপর সাত আসামি আলবদর বাহিনীর নেতা ও সদস্য।
গত বছরের ৪ মে আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেন মামলার তদন্ত কর্মকর্তা। তদন্তের স্বার্থে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ৯ ডিসেম্বর ট্রাইব্যুনাল আটজনকে গ্রেপ্তারে পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিলেন।