মুক্তাগাছার আটজনের বিরুদ্ধে অভিযোগ আমলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের মুক্তাগাছায় আটজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল সোমবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আগামী ১৩ ডিসেম্বর এ মামলার পরবর্তী দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
ওই মামলার আট আসামির মধ্যে পলাতক চারজন হলেন এ কে এম বেলায়েত হোসেন, মো. নাসিরউদ্দিন, কাজী বদরুজ্জামান ও মো. ইসমাইল। আর গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা চারজন হলেন রেজাউল করিম ওরফে আক্কাস মৌলভী, এ বি এম ইউনুস আলী ওরফে ইউনুস মৌলভী, ইউসুফ আলী ওরফে এ কে এম ইউসুফ আলম ও ওমর ফারুক। গতকাল এই চারজনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে ১৮ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ মুক্তিযুদ্ধকালে মুক্তাগাছায় আসামিদের বিরুদ্ধে অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা ও আটকসহ আনুষ্ঠানিক আটটি অভিযোগ দাখিল করে। সেদিন ট্রাইব্যুনাল ১৭ অক্টোবর আদেশের দিন রাখেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন কৌঁসুলি আবুল কালাম। এক আসামির পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী। পরে আবুল কালাম প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনাল মুক্তাগাছার আটজনের বিরুদ্ধে আটটি অভিযোগ আমলে নিয়েছেন। ১৩ ডিসেম্বর পরবর্তী আদেশের দিন রেখেছেন।