মুক্তাগাছার আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের মুক্তাগাছার আট আসামির বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে সেখানে অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা, আটকসহ আনুষ্ঠানিক আটটি অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। আসামিদের বিরুদ্ধে এসব অভিযোগ আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে আগামী ১৭ অক্টোবর আদেশের দিন রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর গতকাল রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।
গতকাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল কালাম আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। তিনি প্রথম আলোকে বলেন, আসামিদের মধ্যে কাজী বদরুজ্জামান ওরফে চান কাজী স্থানীয় রাজাকার কমান্ডার ছিলেন। অপর সাতজন আলবদর বাহিনীর সদস্য ছিলেন।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৯ ডিসেম্বর ট্রাইব্যুনাল আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। কারাগারে থাকা চার আসামি রেজাউল করিম, এ বি এম ইউনুস আলী, ইউসুফ আলী ওরফে এ কে এম ইউসুফ আলম ও ওমর ফারুককে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক চার আসামি হলেন এ কে এম বেলায়েত হোসেন, মো. নাসিরউদ্দিন, কাজী বদরুজ্জামান ও মো. ইসমাইল।