একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নয়জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনালে গতকাল সোমবার এই অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (প্রসিকিউটর) আবুল কালাম। আদালত আগামী ১০ জুলাই পরবর্তী দিন রেখেছেন।
এ সময় আসামিদের পক্ষে আইনজীবী আবদুস সোবহান তরফদার ও মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। নয়জন আসামির মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি তিনজন পলাতক। গ্রেপ্তার করা ছয়জন হলেন মো. আবদুস সালাম, সুরুজ আলী ফকির, মো. জয়েন উদ্দিন, মো. আবদুর রহিম ওরফে নুরু বিএসসি, মো. জালাল উদ্দিন ও মো. রোস্তম আলী। গতকাল তাঁদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক তিনজন হলেন শমসের ফকির, ফজলুল হক ও সামসুল হক।
পরে আবুল কালাম প্রথম আলোকে বলেন, নয়জন আসামির বিরুদ্ধে আটটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্যে তিনটি গণহত্যা, একটি ধর্ষণ এবং চারটি হত্যা, অপহরণ, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে পরবর্তী আদেশের জন্য ১০ জুলাই দিন রেখেছেন ট্রাইব্যুনাল।
আইনজীবী সূত্র বলেছে, এই নয়জনের বিরুদ্ধে গত ২৯ মার্চ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। গত বছরের ১৭ মে আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।