মুক্তাগাছায় অস্ত্রের মহড়া হাজীগঞ্জে কেন্দ্র দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট জালিয়াতি ও সহিংসতার কারণে ময়মনসিংহের মুক্তাগাছা উপাজেলা পরিষদ নির্বাচনের তিনটি স্থগিত কেন্দ্রের ভোট গতকাল বৃহস্পতিবার গ্রহণ করা হয়েছে। গতকালও একটি কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের স্থগিত হওয়া দুটি ভোটকেন্দ্র গতকালও দখল হয়। একটি কেন্দ্রে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপি-সমর্থিত প্রার্থীর ওপর হামলা চালিয়েছেন।
দুপুর ১২টার দিকে মুক্তাগাছা উপজেলার তারাটি তেড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের নির্ধারিত সীমানা থেকে আনুমানিক ৩০০ গজ দূরে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকেরা বাঁশের লাঠি, রামদা নিয়ে মহড়া দিচ্ছেন। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাগিবতণ্ডা হয়। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
১৫ মার্চ ভোট জালিয়াতি ও সহিংসতা হওয়ায় উপজেলার ভালুকাপুর, পোট্টিপাড়া ও শালিহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
হাজীগঞ্জ উপজেলা বিএনপির কয়েকজন নেতা-কর্মী অভিযোগ করেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির কার্যকরী সদস্য ও শাহ্ মাহ্মুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহ্মুদ প্রকাশ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে আঁতাত করে তাঁর বোন আওয়ামী লীগ-সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন ইসলামকে বিজয়ী করার জন্য কেন্দ্র দুটি দখল করেন। কেন্দ্র দুটি দখল ও বিএনপি-সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাবেয়া আক্তারকে মারধরের অভিযোগে বেলা একটায় বিএনপি-সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়। ১২টার পর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতায় কেন্দ্রটি দখল করে নেন। পরে সাধারণ ভোটাররা আর কেন্দ্রে যেতে পারেননি। এ সময় কেন্দ্রে থাকা বিএনপি-সমর্থিত প্রার্থী রাবেয়া আক্তারকে মারধর করে বের করে দেওয়া হয়।