মুক্তাগাছায় দশম শ্রেণীর ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের বলবাড়ী গ্রামের পুকুরপাড় থেকে আবু সাঈদ নামে চেচুয়া হাইস্কুলের দশম শ্রেণীর এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ গতকাল রোববার নাজিম উদ্দিন নামে এক কিশোরকে আটক করেছে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার দুল্লা ইউনিয়নের বলবাড়ী গ্রামের হাসান আলীর ছেলে আবু সাঈদ (১৫) উপজেলার চেচুয়া হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র। গত শুক্রবার বিকেলে সে এলাকার একটি খালি মাঠে ভলিবল খেলতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। শনিবার সকালে ওই গ্রামের একটি পুকুরপাড়ে তাঁর গলাকাটা লাশ দেখে লোকজন পুলিশে খবর দেয়। থানার পুলিশ সাঈদের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে ওই দিন বিকেলে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। এ ঘটনায় চেচুয়া হাইস্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আবু তালেব খান জানান, তদন্তের স্বার্থে খুনের উদ্দেশ্য বলা যাচ্ছে না। তাঁরা আসামিদের ধরতে চেষ্টা করছেন। মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মোয়াজ্জেম হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, কোনো অপরাধ কর্মে বাধা দেওয়ায় পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের আকবর আলীর ছেলে নাজিম উদ্দিন নামে নিহতের সমবয়সী একজনকে রোববার আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।